Facebook Twitter Instagram YouTube

ভুয়া বিল করে অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগে ৩ পুলিশ সদস্য বরখাস্ত


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ /
ভুয়া বিল করে অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগে ৩ পুলিশ সদস্য বরখাস্ত

অনুমোদন ছাড়াই ভুয়া বিল ভাউচার তৈরি করে টাকা উত্তোলনের চেষ্টার অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর দপ্তর) আব্দুল হান্নান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার বিএমপি সদর দপ্তরের পক্ষ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন বিএমপির হিসাব শাখায় কর্মরত কম্পিউটার অপারেটর কনস্টেবল মো. মারুফ হাসান, নন-গেজেটেড ভ্রমণ ব্যয় বিল শাখার কনস্টেবল জয়দেব কুমার মজুমদার এবং মেট্রো কোর্ট পুলিশের কনস্টেবল মো. সঞ্জীব মিয়া।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বিএমপির হিসাব শাখার তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে, অভিযুক্ত তিন কনস্টেবল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই আইবাস প্লাস পদ্ধতিতে ভুয়া বিল তৈরি ও দাখিল করেন। এই বিলের মাধ্যমে ১৮ লাখ ৬০ হাজার ১৮৪ টাকা কমিউনিটি ব্যাংকের একটি অ্যাকাউন্টে পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হয়েছিল। তবে ব্যাংকে অর্থ পরিশোধের আগেই বিষয়টি হিসাব শাখার নজরে আসে এবং শনাক্ত হয়।

পরবর্তীতে হিসাব শাখার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি পুলিশ কমিশনারের নজরে আনা হলে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। উপকমিশনার আব্দুল হান্নান জানান, অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বর্তমানে এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।