Facebook Twitter Instagram YouTube

খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ /
খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার

খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার সংলগ্ন নতুন আবাসিক এলাকায় এক ইজিবাইক চালককে হত্যার পর তার মরদেহ বাড়ির আঙিনায় মাটিচাপা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ কয়েক মাস পর সোমবার বিকেলে পুলিশ ও সিআইডির সহায়তায় মাটি খুঁড়ে কঙ্কালটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, সোমবার বিকেলে গৃহবধূ ফাল্গুনী খাতুন তার স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে থানায় উপস্থিত হন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি পুলিশকে জানান, গত রমজান মাসে তার স্বামী মুরাদ মোল্লা কৌশলে এক ইজিবাইক চালককে বাড়িতে নিয়ে এসে হত্যা করেন এবং পরে বাড়ির আঙিনায় লাশ পুঁতে রাখেন।

গৃহবধূর দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনা মহানগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির মালিককে হেফাজতে নেয়। সিআইডির সহায়তায় বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির আঙিনা খুঁড়ে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। দীর্ঘ সময় মাটির নিচে থাকার ফলে মরদেহটি কঙ্কালে পরিণত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উদ্ধারকৃত কঙ্কালটি ময়নাতদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি মো. হেলাল উদ্দিন বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তকরণ, হত্যার প্রকৃত উদ্দেশ্য এবং এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃত দম্পতিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।