
নেত্রকোনার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ তুলে স্থানীয় লোকজন ও স্বজনরা ভাঙচুর চালিয়েছেন। রোববার রাত ১০টার দিকে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। উত্তেজিত জনতা হাসপাতালের জরুরি বিভাগ ও পাশের ডায়রিয়া ওয়ার্ডে হামলা করলে সেখানকার বেশ কয়েকটি জানালার কাচ ও একটি দরজা ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একরামুল হাসান জানান, ঘটনার সময় হাসপাতালে বিদ্যুৎ ছিল না এবং বারবার চেষ্টা করা সত্ত্বেও পিডিবির নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি জানান, বর্তমানে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চিকিৎসা অবহেলার বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা অবহেলার অভিযোগটি অস্বীকার করেছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :