
জ্বালানি সংকটের কারণে বর্তমানে দেশের ৩৫টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। এই সংকটের সরাসরি প্রভাবে সারাদেশে দিনে ও রাতে সর্বোচ্চ আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সংশ্লিষ্টরা জানিয়েছেন, জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে না পারায় গ্যাস ও তরল জ্বালানিচালিত কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমানে তেলচালিত ফার্নেস অয়েল কেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে প্রায় ২৫ টাকা খরচ হচ্ছে। এছাড়া কয়লাচালিত কেন্দ্রে ১৩ থেকে ১৪ টাকা এবং গ্যাসচালিত কেন্দ্রে খরচ পড়ছে প্রায় সাত টাকা। সবচেয়ে সাশ্রয়ী উৎস গ্যাস হলেও দেশে এর জোগান বাড়ানো সম্ভব হচ্ছে না। বর্তমানে দেশীয় উৎস থেকে প্রতিদিন এক হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। নতুন করে স্থলভাগে গ্যাস না পাওয়া এবং আমদানির অবকাঠামো না থাকায় এই সরবরাহ রাতারাতি বাড়ানো কঠিন।
গ্যাসচালিত কেন্দ্রগুলোর মোট চাহিদা ২ হাজার ৫২৪ মিলিয়ন ঘনফুট হলেও ৭ অক্টোবর সরবরাহ করা হয়েছে মাত্র ৮৯৫ মিলিয়ন ঘনফুট। বিদ্যুৎ উৎপাদনে বাড়তি গ্যাস সরবরাহ করলে শিল্পখাত ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে, যা রফতানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে ৭ অক্টোবরের পিডিবির উৎপাদন চিত্র অনুযায়ী, গ্যাস সংকটের কারণে ঘোড়াশালের চারটি ইউনিটসহ মোট ছয়টি কেন্দ্র বন্ধ রয়েছে, যার মোট সক্ষমতা ১ হাজার ৩৯৫ মেগাওয়াট। এর মধ্যে ভেড়ামারা, বাঘাবাড়ী ও সিরাজগঞ্জের ইউনিটগুলোও অন্তর্ভুক্ত।
তরল জ্বালানি সংকটের কারণে গোপালগঞ্জ, চৌমুহনী ও চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, যেগুলোর সম্মিলিত সক্ষমতা ৩১৩ মেগাওয়াট। এ ছাড়া রক্ষণাবেক্ষণের কারণে সিদ্ধিরগঞ্জ ২১০ মেগাওয়াট, টঙ্গী ৮০ মেগাওয়াট, আশুগঞ্জ ইস্ট ৪০০ মেগাওয়াট এবং বড়পুকুরিয়ার ২৫০ ও ২৭৪ মেগাওয়াটের দুটি কেন্দ্রসহ মোট ছয়টি কেন্দ্র বা ইউনিট থেকে উৎপাদনের সম্ভাবনা নেই। এসবের মোট সক্ষমতা ১ হাজার ৩৩৯ মেগাওয়াট। এর বাইরে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় হরিপুর ৩৬০ মেগাওয়াট, মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট এবং ভেড়ামারা ২০ মেগাওয়াট কেন্দ্র থেকেও বিদ্যুৎ নিচ্ছে না পিডিবি। তিন কেন্দ্রের মোট সক্ষমতা ৮৩০ মেগাওয়াট। যান্ত্রিক সমস্যার কারণে শাহজীবাজার ১০০ মেগাওয়াট গ্যাস টারবাইন কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। এর বাইরে হরিপুর ৩২ মেগাওয়াট, চট্টগ্রাম ৪২০ মেগাওয়াট, সিকলবাহা পিকিং ১৫০ মেগাওয়াট, সিলেট ২০ মেগাওয়াট এবং সৈয়দপুর ১৫০ মেগাওয়াট কেন্দ্রেও কেন্দ্র বন্ধ রয়েছে। এ ছাড়া কয়লাচালিত বড়পুকুরিয়ার সব ইউনিট বন্ধ রয়েছে।
পিডিবির ৭ অক্টোবরের উৎপাদন চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, গ্যাস সংকটের কারণে ছয়টি কেন্দ্র বা ইউনিট বন্ধ রয়েছে। ঘোড়াশালের সবগুলো ইউনিট বন্ধ রয়েছে। ঘোড়াশালে চারটি ইউনিট রয়েছে। এগুলোর উৎপাদন ক্ষমতা ১ হাজার ১৫৩ মেগাওয়াট। এর বাইরে ভেড়ামারা ৪১০ মেগাওয়াট, বাঘাবাড়ী ৭১ মেগাওয়াট এবং সিরাজগঞ্জের ২২৫ মেগাওয়াটের তিনটি ইউনিট বন্ধ রয়েছে। এসব কেন্দ্রের মোট সক্ষমতা ১ হাজার ৩৯৫ মেগাওয়াট।
আপনার মতামত লিখুন :