Facebook Twitter Instagram YouTube

পুশইনের এক বছর পর ৪ ভারতীয় নাগরিককে ফেরত নিল বিএসএফ


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ণ /
পুশইনের এক বছর পর ৪ ভারতীয় নাগরিককে ফেরত নিল বিএসএফ

দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া শিশুসহ ৪ ভারতীয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। এসময় রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেরত যাওয়া এই চার ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। দীর্ঘ এক বছর পর নিজ দেশে ফিরে যেতে পেরে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দুই দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। ফেরত যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন করে শিশু, কিশোর, নারী ও যুবক রয়েছেন।

আইনি জটিলতা ও ভারতীয় কর্তৃপক্ষের অনীহার কারণে আদালতের নির্দেশে এই চার নাগরিক চাঁপাইনবাবগঞ্জের এক জিম্মাদারের বাসায় সাত মাসের অধিক সময় অবস্থান করেছিলেন। এর আগে গত বছরের জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এই ৪ জনসহ মোট ৬ জনকে পুশইন করে বিএসএফ। পরবর্তীতে আদালতের নির্দেশে গত বছরের ৫ ডিসেম্বর সোনালী বেগম ও তার ছেলেকে ফেরত নেওয়া হয়। বাকি চারজনকে গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে বিজিবির কাছে সোপর্দ করলে তাদের বিরুদ্ধে মামলা হয় এবং তারা তিন মাস কারাভোগ করেন।