
গ্রিসের ক্রিট দ্বীপের অদূরে দুটি নৌকা থেকে ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি এবং যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকরা রয়েছেন। এছাড়া এদের মধ্যে অন্তত দুই নারী ও দুই শিশু রয়েছে বলে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
কোস্টগার্ডের এক প্রেস কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রের ওই এলাকায় নৌকা দুটির অবস্থান শনাক্ত করার পর উদ্ধার তৎপরতা শুরু হয়। এর আগে গ্রিসের এএনএ নিউজ এজেন্সি ৮৫ জন অভিবাসী উদ্ধারের খবর দিয়েছিল, তবে পরবর্তীতে কোস্টগার্ড আনুষ্ঠানিকভাবে ৭৯ জন অভিবাসীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
সাম্প্রতিক সময়ে গ্রিসে প্রবেশের ক্ষেত্রে ক্রিট এবং এর পাশের গাভদোস দ্বীপ অন্যতম প্রধান রুট হয়ে উঠেছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোসের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার। গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে অভিবাসী আগমনের হার আগের চেয়ে কমেছে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত এক বছরে প্রায় ৬১ হাজার অভিবাসী গ্রিসে পৌঁছালেও, পরবর্তী ১২ মাসে এ সংখ্যা ৪২ হাজারে নেমে এসেছে, যা প্রায় ৩১ শতাংশ হ্রাস পেয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন অনিয়মিত অভিবাসন ঠেকাতে লিবিয়ার মতো ট্রানজিট দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করেছে। গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিসও অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের পক্ষে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনের লক্ষ্যে জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে গ্রিস আলোচনা চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :