Facebook Twitter Instagram YouTube

যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপের ঘোষণা কানাডার


প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ /
যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপের ঘোষণা কানাডার

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কানাডিয়ান পণ্য আমদানির ওপর নতুন করে শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় অটোয়া পাল্টা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। কানাডা সরকার দেশটির প্রায় দুই হাজার ৮০০ কোটি কানাডিয়ান ডলার বা দুই হাজার কোটি মার্কিন ডলার মূল্যের ৯০০টি মার্কিন পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে যাচ্ছে। এই সিদ্ধান্ত আগামী ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

মঙ্গলবার কানাডার কর্মকর্তারা এই ঘোষণা দেন। শুল্কের আওতাভুক্ত পণ্যগুলোর তালিকায় রয়েছে ইস্পাত, আসবাবপত্র, তাজা টুনা মাছ, সুতির টি-শার্ট, অ্যালুমিনিয়াম, প্রাকৃতিক মধু, পোশাক, মেকআপ এবং পারফিউম। এর মধ্যে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আগে ২৫ শতাংশ শুল্ক থাকলেও এখন তা বাড়িয়ে ৫০ শতাংশ করা হচ্ছে। এছাড়া ডিশওয়াশার, ওয়াশিং মেশিন, পনির, সামুদ্রিক খাবার ও নির্দিষ্ট কিছু ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর ২৫ শতাংশ এবং ফর্কলিফ্ট ও এয়ার কন্ডিশনারের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। কানাডীয় কর্মকর্তাদের ভাষ্যমতে, অভ্যন্তরীণ ক্ষতি কমাতে যেসব পণ্য বিকল্প উৎস থেকে পাওয়া সম্ভব, সেগুলোকে এই তালিকায় রাখা হয়েছে।

গত সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর এবং শুক্রবার ট্রাম্প প্রশাসন কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পরপরই এই পাল্টা পদক্ষেপ নিল অটোয়া। কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন এই সিদ্ধান্তকে 'সমানুপাতিক' ও 'কৌশলগত' হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, 'এটি কানাডার ওপর চাপিয়ে দেওয়া একটি নজিরবিহীন চ্যালেঞ্জ। তবে কানাডা এই পরিস্থিতি মোকাবিলা করবে। আমি মনে করি কানাডিয়ানরা আজ সকালে দেখতে পাচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ। আমাদের জবাবের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ।'

এই বাণিজ্য যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত কানাডীয় ব্যবসাপ্রতিষ্ঠান ও কর্মীদের সহায়তার জন্য সরকার অতিরিক্ত ৭৫০ কোটি কানাডিয়ান ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। এই সহায়তার মূল লক্ষ্য হলো কর্মসংস্থান হ্রাস রোধ করা এবং কোম্পানিগুলোকে টিকে থাকতে সাহায্য করা।

অন্যদিকে, হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা কানাডাকে সবচেয়ে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দিতে প্রস্তুত ছিল, কিন্তু কানাডা অযৌক্তিক দাবি করার পাশাপাশি প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া বার্তায় কানাডার বিরুদ্ধে আমেরিকাকে ঠকানোর এবং কৃষকদের ওপর চড়া শুল্ক আরোপের অভিযোগ তুলে বলেন, 'আমি অনেক দেশের সাথেই লেনদেন করি, তবে কানাডা খুব সহজেই সবচেয়ে কঠিন এবং অযৌক্তিক। তারা নিজেদের অধিকারপ্রাপ্ত বলে মনে করে, কিন্তু তারা কোনো স্টেট (মার্কিন অঙ্গরাজ্য) নয়। তারা আর কোনো অধিকার পাবে না।'

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh