Facebook Twitter Instagram YouTube

শরীয়তপুরে তিন সাংবাদিককে মারধর, বিএনপি নেতার হুমকির অডিও ভাইরাল


প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ /
শরীয়তপুরে তিন সাংবাদিককে মারধর, বিএনপি নেতার হুমকির অডিও ভাইরাল

শরীয়তপুরে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠেছে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার বিরুদ্ধে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। ওই সময় বিএনপি নেতারা সেখানে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছিলেন।

আক্রান্ত সাংবাদিকদের মধ্যে রয়েছেন ডেইলি স্টারের প্রতিনিধি জাহিদ হাসান, নিউজ টুয়েন্টিফোর ও জাগো নিউজের প্রতিনিধি বিধান মজুমদার এবং মানবকণ্ঠের জেলা প্রতিনিধি বরকত মোল্লা।

ঘটনার বিস্তারিত জানতে জাজিরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সোনালী নিউজের শরীয়তপুর প্রতিনিধি পলাশ খান বিকেলে বিএনপি নেতা আরিফুজ্জামান মোল্লাকে ফোন করেন। এ সময় আরিফুজ্জামান মোল্লা সাংবাদিকের উদ্দেশে বলেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু।’

ফোনালাপে বিএনপি নেতা আরও বলেন, ‘আরও তো মারুম, শুধু এহন না, আমার বিরুদ্ধে অভিযোগ দিতে পারে। অনেকেই লিস্টে আছে। ইনশা আল্লাহ, আল্লাহর রহমতে সন্ধ্যার মধ্যে আরও খবর পাইয়া যাইবা। তুমি নিজেও তৈরি থাক। তুমি আছ কোথায় এখন? বসো, আসতেছি। কত মাইনষে কত কথা কইছে, তুমিও অনেক কথা কইছো, ওই বাশার কথা কয়, রাজিব কথা কয়। …তোমরা লেখবা, আমরা পিডাইমু। হুদা না, আমার কথা হইল, তুমি আমারে ফোন করছ, তোমার পিছনে আরএস, সিএসটা দেখ।’

ভুক্তভোগী সাংবাদিক পলাশ খান বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় আমাদের তিন সহকর্মীকে হামলা ও মারধর করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আরিফ মোল্লার বিরুদ্ধে। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে তাঁর ফোনে যোগাযোগ করি। ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি আমাকেসহ সহকর্মীদেরও মারধর করবেন বলে হুমকি দিয়েছেন। বিষয়টি আমি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছি। লিখিতভাবে আইনি পদক্ষেপ নেব।’

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার কোনো বক্তব্য পাওয়া যায়নি। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া ও সদর সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, সাংবাদিকদের ওপর আক্রমণের তথ্যটি তারা জেনেছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin