Facebook Twitter Instagram YouTube

জাতীয় পতাকার আদলে পোশাক পরে বিতর্কে উর্বশী রাউতেলা


প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৬, ৯:০২ পূর্বাহ্ণ /
জাতীয় পতাকার আদলে পোশাক পরে বিতর্কে উর্বশী রাউতেলা

বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স ইন্ডিয়া বিজয়ী উর্বশী রাউতেলা নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। সম্প্রতি মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে বিচারকের দায়িত্ব পালনের সময় তার পরিহিত বিশেষ পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অনুষ্ঠানের মঞ্চে উর্বশীকে ভারতের জাতীয় পতাকার তিনটি প্রধান রঙ—গেরুয়া, সাদা ও সবুজ ব্যবহার করে তৈরি একটি পোশাকে দেখা যায়। পোশাকটিতে মাঝখানে নীল রঙের অশোকচক্রের নকশাও ছিল। এই সাজের সাথে তিনি সোনালি ঝালর, বড় হীরার কানের দুল, রুপালি চুড়ি এবং ভারী আংটি ব্যবহার করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সমালোচকদের একাংশের মতে, জাতীয় পতাকার আদলে পোশাক তৈরি করে তা পরিধান করা দেশের জাতীয় প্রতীকের প্রতি অসম্মানজনক। তবে উর্বশীর সমর্থনেও একটি পক্ষ দাঁড়িয়েছে। তাদের দাবি, এই সাজের মাধ্যমে অভিনেত্রী আন্তর্জাতিক পরিসরে ভারতের প্রতিনিধিত্বের বার্তা দিতে চেয়েছেন।

বিতর্কের মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন উর্বশী। তিনি জানান, আগে থেকেই তিনি নিজেকে ‘আমিই ভারত’ বলে উল্লেখ করেছেন, তাই ওই দিন তিনি নিজেকে ভারতবর্ষের প্রতিচ্ছবি হিসেবেই অনুভব করেছেন। তার ভাষ্যমতে, পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকেই অনুপ্রাণিত।

উল্লেখ্য, এবারের মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬ অনুষ্ঠানটি উর্বশীর জন্য ব্যক্তিগতভাবেও ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০১৫ সালে তিনি নিজেই মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জিতেছিলেন, যা তাকে পরিয়ে দিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। এবারের আয়োজনে সুস্মিতা সেন নির্বাচন কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন এবং মঞ্চে তাকে স্মরণও করেছেন উর্বশী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh