Facebook Twitter Instagram YouTube

লালমনিরহাট সীমান্তে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে ভারতে ফিরল বিএসএফ


প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ /
লালমনিরহাট সীমান্তে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে ভারতে ফিরল বিএসএফ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোনচৌকি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে পুরো সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, বিএসএফের কয়েকজন সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন এবং কৃষকদের মারধর করেন। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। স্থানীয়দের উপস্থিতি সীমান্তে বাড়তে থাকলে পরিস্থিতির মুখে বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে ভারতের দিকে চলে যান।

ঘটনার খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনাস্থলে পৌঁছান। পরে বিএসএফ সদস্যদের ফেলে যাওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি বিজিবির হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ভারতীয় বিএসএফের সঙ্গে কথা চলছে। পরবর্তীতে অধিনায়ক পর্যায়ে কথা হলে বিষয়টি জানানো হবে। বোনচৌকি বিওপির ঘটনার বিষয়ে প্রেস বিজ্ঞপ্তির কার্যক্রম চলমান রয়েছে এবং পতাকা বৈঠক শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh