
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এই রদবদলের আওতায় র্যাব, ডিএমপি, পিবিআই, সিআইডি, এসবি, এপিবিএন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ সদর দপ্তরে, রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এবং এপিবিএনের পুলিশ সুপার নাজমুল আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে। এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।
অন্যান্য বদলির মধ্যে ডিএমপির উপ-কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার এবং নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে। এছাড়া পুলিশ সুপার পদমর্যাদার আরও নয় কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে এপিবিএনের মো. শাহাদাত হোসেন, এসবির এম কে এইচ জাহাঙ্গীর হোসেন ও আরপিএমপির মো. আবদুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার করা হয়েছে। পিবিআইয়ের মো. জাফর হোসেন ও মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডিতে, আবুল কালাম আজাদকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং এস এম রফিকুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে। এছাড়া গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে আগের দুটি বদলি আদেশ বাতিল করা হয়েছে। এর মধ্যে গত ২০২৫ সালের ১১ই ডিসেম্বর জারি করা ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানের অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে বদলির আদেশ এবং গত ৫ই মে জারি করা ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইল পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
আপনার মতামত লিখুন :