Facebook Twitter Instagram YouTube

বই পড়ার অভ্যাসই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথ দেখাবে: শিক্ষামন্ত্রী


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ /
বই পড়ার অভ্যাসই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথ দেখাবে: শিক্ষামন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথ দেখাতে এবং তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ জোর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আজকের শিক্ষার্থীদের কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে আটকে রাখলে চলবে না, বরং তাদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও মননশীলতার বিকাশেও সমানভাবে গুরুত্ব দিতে হবে।

রাজধানীতে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশের যৌথ উদ্যোগে পরিচালিত বইপড়া কর্মসূচির ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক প্রীতি সম্মেলনে প্রধান অভিনথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মো. আসাদুজ্জামান এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির।

শিক্ষার্থীদের ভালো বই পড়ার প্রতি আগ্রহী করে তোলার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনে এরাই দেশের হাল ধরবে এবং দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। তাই শৈশব থেকেই তাদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি করা জরুরি। তরুণ প্রজন্মকে মাদক এবং মোবাইল ফোনের ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে বই পড়ার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, বই পড়ার মাধ্যমে তরুণদের জ্ঞান ও সৃজনশীলতার বিকাশ ঘটানো সম্ভব।

অনুষ্ঠানে সামাজিক দায়বদ্ধতার ওপর আলোকপাত করে ড. এহছানুল হক মিলন বলেন, সমাজের সার্বিক উন্নয়নে 'করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি' বা সিএসআর কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একটি মানবিক ও সৃজনশীল সমাজ গঠনে রাষ্ট্রের উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও বেসরকারি প্রতিষ্ঠানকেও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin