
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০১। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও সিনেট নির্বাচনের তফসিল অবিলম্বে ঘোষণা করার দাবি জানিয়েছে শাখা ছাত্রশিবির। একই সঙ্গে শতভাগ আবাসন নিশ্চিত করা, আবাসন ভাতা চালু, মেধার ভিত্তিতে অটোমেশন পদ্ধতিতে হলের সিট বণ্টন এবং পরিবহন ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কারের দাবিও জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ছাত্রশিবির নেতারা।
সংবাদ সম্মেলনে ছাত্রশিবির নেতারা অভিযোগ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হলেও প্রায় ছয় দশক পার হওয়ার পরও ২০ শতাংশ শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করা সম্ভব হয়নি। এর ফলে অধিকাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাসের আশপাশের কটেজ, মেস ও শহরে বাড়তি ভাড়া দিয়ে থাকতে হচ্ছে। আগামী তিন দিনের মধ্যে শতভাগ আবাসন নিশ্চিত করার সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশের দাবি জানান তারা। এছাড়া শতভাগ আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালুর দাবি জানানো হয়।
হলের সিট বণ্টনে রাজনৈতিক প্রভাব ও সুপারিশ বন্ধের আহ্বান জানিয়ে নেতারা বলেন, কোনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সিট বরাদ্দের সুযোগ রাখা যাবে না। সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও মেধাভিত্তিক প্রক্রিয়ায় সিট বরাদ্দ করতে হবে এবং সেই সিট বণ্টনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। সম্প্রতি সোহরাওয়ার্দী হলের প্রভোস্টের সঙ্গে ছাত্রদলের নেতাদের বিরোধের প্রসঙ্গ টেনে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান। তাদের অভিযোগ, বিভিন্ন হলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সিট দখলের অপচেষ্টা চলছে।
পরিবহন সংকট নিরসনে শাটল ট্রেনের বগি ও সক্ষমতা বৃদ্ধি, পর্যাপ্ত বাস সংযোজন, প্রয়োজনীয় রুটে বাসের সংখ্যা বাড়ানো এবং পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর দাবি জানানো হয়। এছাড়া শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে দ্রুত চাকসু ও সিনেট নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে নেতারা বলেন, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে প্রশাসনকে জবাবদিহিমূলক ও শিক্ষার্থীবান্ধব ভূমিকা পালন করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, সেক্রেটারি মুহাম্মদ হাবিবুল্লাহ খালেদ, অফিস ও পরিকল্পনা সম্পাদক রবিউল ইসলাম, অর্থ ও ছাত্র কল্যাণ সম্পাদক ইসহাক ভূঁঞা এবং আন্তর্জাতিক ও মানবাধিকার সম্পাদক সাঈদ বিন হাবিব প্রমুখ।
আপনার মতামত লিখুন :