
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম। কক্সবাজারের রামুতে আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চীনা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ গোয়েন্দা নজরদারি শেষে মেরিন ড্রাইভসংলগ্ন কয়েকটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানকালে পুলিশ তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, প্রায় ৪০টি ল্যাপটপ এবং বিভিন্ন ডেস্কটপ কম্পিউটারসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করেছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. অহিদুর রহমান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে চক্রটি স্টারলিংক প্রযুক্তি ব্যবহার করে অনলাইন শেয়ারবাজার, জুয়া এবং বিভিন্ন কারেন্সি-সংক্রান্ত প্রতারণায় সক্রিয় ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতরা শুরুতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করার দাবি করেছিল। পরবর্তীতে সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে ঢাকাসহ বিভিন্ন বিশেষজ্ঞ তদন্ত দল ঘটনাটি খতিয়ে দেখে। তাদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছিল এবং ইমিগ্রেশন পয়েন্টে সতর্কতা থাকায় তারা দেশত্যাগ করতে ব্যর্থ হয়।
এ ঘটনায় রামু থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের পাশাপাশি সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা জব্দ করা ডিভাইসগুলো পরীক্ষা করে চক্রটির সঙ্গে আর কারা জড়িত, তা উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।
আপনার মতামত লিখুন :