
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী একটি সরকারি গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধা ফিরোজা বেগম (৬০) মারা গেছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায়। নিহত ফিরোজা বেগম ওই এলাকারই বাসিন্দা এবং মৃত নিজাম উদ্দিনের স্ত্রী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী আবদুল বারী ঢাকা থেকে সরকারি সফরে তার সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনের দিকে যাচ্ছিলেন। গোপীনাথপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বধির ফিরোজা বেগম প্রতিমন্ত্রীর গাড়ির সামনে পড়ে যান।
গাড়ির ধাক্কায় ওই বৃদ্ধা গুরুতর আহত হন এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়। ঘটনার সময় প্রতিমন্ত্রীর সহধর্মিণীও গাড়িতে ছিলেন। দুর্ঘটনার পরপরই প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে তিনি নিজ বাড়িতে ফিরে যান। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে দ্রুত টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ফিরোজা বেগমের মরদেহ বর্তমানে হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন এবং তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :