
র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের নামে মূলত র্যাবকেই নতুন নামে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। শুক্রবার রাজধানীর সিরাজুল আলম খান সেন্টারে জেএসডি ও সহযোগী সংগঠনের আয়োজিত এক যৌথ সভায় তিনি এ কথা বলেন। দলের সিনিয়র সহসভাপতি মিসেস তানিয়া রবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় র্যাবের সংস্কারের নামে নাম পরিবর্তনের কঠোর সমালোচনা করা হয়।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, র্যাবের বিরুদ্ধে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের মতো যে গুরুতর অভিযোগ রয়েছে, নতুন নামে এসআরবি গঠন করে যদি সেই বাহিনীর জনবল, সম্পদ ও ক্ষমতা অপরিবর্তিত রাখা হয়, তবে তা কোনো প্রকৃত সংস্কার নয়। এটি কেবল পুরোনো ক্ষমতার কাঠামোর পুনরুজ্জীবন মাত্র। তিনি আরও বলেন, র্যাবের নাম বদলানোই সমাধান নয়, বরং র্যাবের ক্ষমতার সংস্কৃতি বিলুপ্ত করতে হবে। রাষ্ট্রের কোনো আইনপ্রয়োগকারী বাহিনীই আইনের ঊর্ধ্বে থাকতে পারে না।
বিশেষ করে এসআরবির নিজস্ব হাজতখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষের বিধান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে স্বপন বলেন, জনগণ আয়নাঘর, গোপন আটক ও বন্দিশালা থেকে মুক্তি চেয়েছে। নতুন নামে সেই সক্ষমতা পুনর্গঠন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সভাপতির বক্তব্যে তানিয়া রব বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় রাষ্ট্র রূপান্তরের লক্ষ্যে অংশীদারিত্বের গণতন্ত্রকে সংস্কারের ভিত্তি হিসেবে গ্রহণ করবে জেএসডি। তিনি আরও বলেন, রাষ্ট্রের বলপ্রয়োগের ক্ষমতা জনগণের অধিকার ও আইনের শাসনের অধীন থাকবে, কোনো প্রতিষ্ঠানই জনগণের ঊর্ধ্বে থাকবে না। জনগণের সার্বভৌমত্ব ও মানবিক মর্যাদার ভিত্তিতে নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই তাদের রাজনৈতিক অঙ্গীকার।
সভায় আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, মোহাম্মদ তৌহিদ হোসেন, অ্যাডভোকেট কে এম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, ইউসুফ সিরাজ খান মিন্টু, এস এম সামছুল আলম নিক্সন, মোশারেফ হোসেন মন্টু, মোহাম্মদ মোস্তফা কামাল, নুরুল আমিন, কামরুল আহসান অপু, বোরহান উদ্দিন চৌধুরী রোমান, আজম খান, আনিসা রত্না, শফিকুল ইসলাম শফিক, আবুল হোসেন মিয়া, মাইনুল আলম রাজু, এস এম মনিরুজ্জামান মনির এবং আরিফা আকতার বেবি।
আপনার মতামত লিখুন :