
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৫৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণ থেকে রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) নতুন কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটির একটি বিশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনটির অস্তিত্ব থাকা পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদকে মুখপাত্র হিসেবে রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার, ন্যায়বিচার ও উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এই কমিটি কাজ করবে। এছাড়া সংগঠনটি ভারতীয় আধিপত্যবাদবিরোধী লড়াই অব্যাহত রাখা এবং জুলাই বিপ্লবের শক্তি ও বিপ্লবীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
নতুন এই কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আ ন ম আয়াস। কমিটির অন্যান্য শীর্ষ পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মার্জিয়া খন্দকার রিমি, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আয়ন রহমান খান দায়িত্ব পালন করবেন। এছাড়া সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. আলভী নাবিল হোসেন, ফয়সাল আহমেদ, নাসরিন নাহার শিলা, প্রভাষক সুরাইয়া ইয়াসমিন এবং মো. মোহাম্মদ মিনহাজুল ইসলামসহ অন্যান্যরা।
কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা, মুখ্য সমন্বয়কারী মায়িদা ইসলাম শর্মী, দপ্তর সম্পাদক মিল্লাত হোসাইন এবং অর্থ সম্পাদক আল আমিন ইসলামসহ বিভিন্ন সম্পাদকীয় ও সাংগঠনিক পদে দায়িত্বপ্রাপ্তরা আগামী দুই বছর সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করবেন। সংগঠনটির তালিকায় বিভিন্ন শহীদ পরিবারের সদস্য ও সমন্বয়কারীদের সমন্বয়ে একটি বিস্তৃত সদস্য তালিকাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :