Facebook Twitter Instagram YouTube

সংসদে সুন্দর কথা বললেও বাইরে বিরোধী দল ৭১-এর রূপ ধারণ করে


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ /
সংসদে সুন্দর কথা বললেও বাইরে বিরোধী দল ৭১-এর রূপ ধারণ করে

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মন্তব্য করেছেন যে, বিরোধী দল সংসদে সুন্দর কথা বললেও বাইরে তারা ১৯৭১ সালের মতো রূপ ধারণ করে। শনিবার বিকেলে লক্ষ্মীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক র‍্যালির শুরুতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লক্ষ্মীপুর জেলা বিএনপির ব্যানারে সদর ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মন্ত্রী বলেন, যারা গ্যাস ও বিদ্যুৎ সংকটের কথা বলে লংমার্চ করছেন, তাদের এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি অভিযোগ করেন, শপথ গ্রহণের পর থেকে গত ছয় মাস ধরে বিরোধী দল নিয়মিত সরকারবিরোধী হুংকার দিয়ে আসছে। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সংসদের ভেতরে তারা সুন্দর কথা বলেন, কিন্তু বাইরে বের হলেই তাদের চেহারা স্বাধীনতার সময়কার অর্থাৎ ৭১-এর রূপ ধারণ করে।

বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের সমালোচনা করে মন্ত্রী বলেন, সংসদে তিনি প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে বিচার চেয়েছেন এবং পরিবারের গালিগালাজের ঘটনায় গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। কিন্তু এর আগে যখন জিয়া পরিবারকে লক্ষ্য করে অশালীন বক্তব্য দেওয়া হয়েছে, তখন বিরোধী দলের পক্ষ থেকে কেন কোনো প্রতিবাদ করা হয়নি বা কাউকে বারণ করা হয়নি, সেই প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও বলেন, রাজনৈতিক শিষ্টাচার না থাকায় এবং ফ্যাসিবাদের মতো আচরণ করার প্রবণতা থেকেই তারা এসব বক্তব্য দিয়ে আসছেন। সিফাতকে গ্রেপ্তারের বিষয়ে আমির সাহেবের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সংসদে এক কথা এবং লংমার্চে অন্য কথা বলা হচ্ছে।

সরকারের ছয় মাসের কাজের মূল্যায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, একটি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সরকার দায়িত্ব নিয়েছে। তিনি স্বীকার করেন যে লোডশেডিং এবং বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, তবে ছয় মাসের মধ্যে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির আগে অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করলে হয়তো পরিস্থিতি সহজ হতো। এখন গ্যাস এনে বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে, যা রাতারাতি সম্ভব নয়। বাস্তবতার নিরিখে তিনি আরও সময়ের দাবি জানান।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, সদর পূর্ব উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন এবং সদর পশ্চিম উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy