Facebook Twitter Instagram YouTube

লং মার্চের নামে গণতন্ত্র নষ্টের চেষ্টা করছে বিরোধী দল: রিজভী


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ /
লং মার্চের নামে গণতন্ত্র নষ্টের চেষ্টা করছে বিরোধী দল: রিজভী

সংসদীয় পথ পরিহার করে মাত্র ছয় মাসের মাথায় 'লং মার্চ' কর্মসূচির নামে বিরোধী দল দেশে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী অভিযোগ করেন, বিরোধী দল রাজপথে লং মার্চের কর্মসূচি দিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ব্যক্তিগতভাবে অশ্রাব্য ও আপত্তিকর ভাষা ব্যবহার করছে। তার ভাষ্যমতে, দলটির পক্ষ থেকে এসব কর্মকাণ্ডকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং জনসমক্ষে উচ্চারণযোগ্য নয় এমন শব্দ ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে সরকার যখন আইনি ব্যবস্থা নিচ্ছে, তখন বিরোধী দল সেটিকে দমন-পীড়ন হিসেবে প্রচার করে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে।

জ্বালানি সংকট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বিরোধী দলের কঠোর সমালোচনা করেছেন রিজভী। তিনি বলেন, তারা জ্বালানি পরিস্থিতি নিয়ে কেবল সমালোচনা করছে, কিন্তু সংকট সমাধানে কোনো গঠনমূলক প্রস্তাব দিচ্ছে না। সংসদে পরামর্শ না দিয়ে ষড়যন্ত্রের পথ বেছে নেওয়া মূলত সরকারের সার্বিক উন্নয়নকে আড়াল করার অপচেষ্টা। দেশের রিজার্ভ বৃদ্ধির মতো ইতিবাচক অর্জনগুলোও তারা জনগণের সামনে তুলে ধরছে না। রিজভী দাবি করেন, সাধারণ মানুষ বিরোধী দলের এই রাজপথের আন্দোলনকে ইতিবাচকভাবে দেখছে না।

সংবাদ সম্মেলনে বিএনপির পাঁচ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানানো হয়। নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টানানো সব বিলবোর্ড ও ব্যানার দ্রুত খুলে ফেলতে হবে। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মীর শরাফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, আসাদুল করিম শাহীন, তারিকুল ইসলাম তেনজিং ও ডা. জাহিদুল কবিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin