
জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাসের প্রক্রিয়ার প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। বিল দুটিকে দুর্বল ও সীমিত পরিসরের হিসেবে আখ্যা দিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এর আগে গত ২৭ আগস্টও বিল দুটি সংসদে তোলার সময় একই কারণে বিরোধী দল ওয়াকআউট করেছিল। সে সময় তারা জানিয়েছিল, সংস্কারের মূল দাবিকে চাপা দিয়ে খণ্ডিত কোনো প্রক্রিয়ার অংশ হতে চায় না তারা। পরবর্তীতে সংসদীয় কমিটিতেও বিলগুলো নিয়ে আলোচনা বর্জন করে বিরোধী দল।
রোববার দিনের কার্যসূচি অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে বিল দুটি উত্থাপনের জন্য আহ্বান জানালে বিরোধীদলীয় নেতা ফ্লোর নিয়ে কথা বলেন। শফিকুর রহমান বলেন, সরকার যখন আগের বিলগুলো অকার্যকর করেছিল, তখন তারা আরও শক্তিশালী ও কার্যকর আইন আনার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বর্তমান খসড়াটি সেই প্রতিশ্রুতির প্রতিফলন নয়। তিনি আরও অভিযোগ করেন যে, সরকার ভুক্তভোগী জনগণ, অংশীজন এবং দেশি-বিদেশি মানবাধিকার সংস্থার মতামত উপেক্ষা করে একতরফাভাবে এই বিলগুলো এনেছে।
আইনটিতে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে দ্বৈত প্রয়োগের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, সাধারণ মানুষের ক্ষেত্রে মানবাধিকার কমিশন সরাসরি তদন্ত করতে পারলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বিশেষ বিধান রাখা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রের কর্মচারী হলেও এ দেশের নাগরিক, তাই একই অপরাধে তদন্তের ক্ষেত্রে এমন বৈষম্য থাকা উচিত নয়। গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের খসড়াটি দায়মুক্তি ও অস্বীকারের সংস্কৃতিকে টিকিয়ে রাখবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। সবশেষে, এই আইন পাসের প্রক্রিয়ার অংশীদার হতে না চেয়ে তিনি ওয়াকআউটের ঘোষণা দেন এবং বিরোধী দলীয় সংসদ সদস্যরা কক্ষ থেকে বেরিয়ে যান। স্পিকার এ সময় বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানান।
আপনার মতামত লিখুন :