Facebook Twitter Instagram YouTube

বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্পের সম্পদ কাজে লাগাতে নতুন খসড়া নীতিমালা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ /
বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্পের সম্পদ কাজে লাগাতে নতুন খসড়া নীতিমালা

রুগ্ন, অকার্যকর এবং বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর অব্যবহৃত জমি ও স্থাপনাকে পুনরায় উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে 'ইনভেস্ট বাংলাদেশ' একটি খসড়া নীতিমালা প্রণয়ন করেছে, যার মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্প উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করা হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর ৪৮ ধারার ক্ষমতাবলে 'সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ইহাদের অব্যবহৃত জমি বা স্থাপনা হস্তান্তর, শেয়ার ও স্বত্ব হস্তান্তর বা কৌশলগত বিক্রয় সংক্রান্ত নীতিমালা' শীর্ষক এই খসড়াটি তৈরি করা হয়েছে। প্রস্তাবিত এই কাঠামোতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সম্পদের যথাযথ যাচাই-বাছাই ও মূল্যায়ন, লেনদেনের স্বচ্ছ কাঠামো নির্ধারণ এবং প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় বিনিয়োগকারী নির্বাচনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া সরকারি স্বার্থ রক্ষা, সম্পদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং লেনদেন-পরবর্তী কার্যক্রম পরিবীক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে এতে।

খসড়াটি প্রণয়নের প্রক্রিয়ায় গত ১২ জুলাই সরকারি ও বেসরকারি খাতের অংশীজনদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। এরপর ১৮ আগস্ট শিল্প মন্ত্রণালয় সংশ্লিষ্টদের কাছ থেকে মতামত আহ্বান করে। প্রাপ্ত মতামতগুলো পর্যালোচনা করে যৌক্তিক বিষয়গুলো খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy