Facebook Twitter Instagram YouTube

ভারতে বসে ফেসবুকে হুমকি দিয়ে লাভ হবে না: ইকবাল হাসান মাহমুদ টুকু


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ণ / ০
ভারতে বসে ফেসবুকে হুমকি দিয়ে লাভ হবে না: ইকবাল হাসান মাহমুদ টুকু

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম

আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতারা লেঙ্গুর তুলে ভারতে পালিয়ে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারেক রহমানের সরকার পতনের যে হুমকি দিচ্ছেন, তা কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, জনগণ ভোটের মাধ্যমে আমাদের ক্ষমতায় বসিয়েছে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ীই আমরা দায়িত্ব পালন করব। এসব হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না।

শনিবার সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় ইসলামিয়া কলেজ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এই জনসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।

দেশের জ্বালানি খাতের সংকট ও তা মোকাবেলালায় সরকারের পদক্ষেপ তুলে ধরে বিদ্যুৎমন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় আসার পরপরই ইরান-ইসরাইল যুদ্ধ লেগে গেল। এর ফলে যারা আমাদের তেল সরবরাহ করত, তারা তেল দেওয়া বন্ধ করে দিল। এমন পরিস্থিতিতেও দেশের অবস্থা স্বাভাবিক রাখতে আমরা অত্যন্ত উচ্চমূল্যে তেল ও গ্যাস কিনে এনে চেষ্টা করেছি। এরপর আবার বিতরণের মেশিনে আগুন লেগে গেল। এত প্রতিকূলতার মধ্যেও আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করে গেছি।

জনসভায় জামায়াতে ইসলামী প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা জামায়াতকে চিনি, জামায়াত কী জিনিস। আন্দোলনের পরে দেখলাম কেউ ছাত্রলীগে, যুবলীগে, আওয়ামী লীগে ছিল। আন্দোলনের পর তারা হয়ে গেল বিপ্লবী।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ-সদস্য আব্দুল আলীম, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ-সদস্য সেলিমা রেজা এবং সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ-সদস্য আইনুল হকসহ স্থানীয় বিএনপি নেতারা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor