
বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঢাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (২৩ নভেম্বর) সকালে আসলামকে গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক অপরাধমূলক মামলা রয়েছে।
নব্বইয়ের দশকের আলোচিত এই শীর্ষ সন্ত্রাসী ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে মোট ২২টি মামলা দায়ের করা হয়, যার মধ্যে ৯টিই হত্যা মামলা। চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত দেশের ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম ছিল। ১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে একটি স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগের মাধ্যমে তিনি প্রথম আলোচনায় আসেন। এরপর একের পর এক খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠতে থাকে। এক পর্যায়ে তিনি কিছুদিন সুইডেনে অবস্থান করেন এবং সেখান থেকে দেশে ফিরে আসার পর তার নামের সঙ্গে 'সুইডেন' শব্দটি যুক্ত হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর সুইডেন আসলামকে বিভিন্ন কারাগারে রাখা হয়। পরে ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন, যেখানে তার হাজতি নম্বর ছিল ৬৬৩/২০। দীর্ঘ সময় কারাবাসের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।
আপনার মতামত লিখুন :