
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিনব্যাপী এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে ডিসেম্বরের প্রথম অর্ধাংশে নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা করছে কমিশন।
ইসির পরিকল্পনা অনুযায়ী, চলতি মাসের ২৯ বা ৩০ নভেম্বর থেকে নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হতে পারে। প্রয়োজনে নভেম্বরের শেষ দিন থেকেও এটি শুরু হতে পারে। নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা অনিবার্য পরিস্থিতি তৈরি না হলে পূর্বনির্ধারিত সূচি অনুসারেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা এ তফসিল ঘোষণা করবেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল, তাদের নিয়ে তিন দিনব্যাপী আলোচনা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে যেসব দল নতুন নিবন্ধন পেয়েছে, তাদেরও সংলাপে ডাকা হবে। তিনি জানান, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ হবে এবং নির্ধারিত তারিখের প্রায় ৪৫ দিন আগেই তফসিল ঘোষণা করা হবে। ভালো একটি নির্বাচন আয়োজনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ সহযোগিতার ওপর জোর দিয়ে তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, দলগুলোর সঙ্গে সংলাপে বসার পাশাপাশি নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় ও এলাকাভিত্তিক সভা আয়োজন করা হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ শেষ করা হবে এবং সুষ্ঠু ভোটের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে।
এর আগে গত ১৬ নভেম্বর কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ইউপি নির্বাচন শুরুর আগেই নিবন্ধনের ক্রমিক অনুযায়ী নিবন্ধিত সব রাজনৈতিক দলকে তিন দিনব্যাপী সংলাপে আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব, সে বিষয়ে দলগুলোর মতামত ও সহযোগিতা নেওয়া হবে।
ইসি ইতোমধ্যে তাদের ওয়েবসাইটে পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোটের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে ভোট হবে। এরপর দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ১৩ মে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
আপনার মতামত লিখুন :