
দীর্ঘদিন অনুমতি ছাড়া অফিসে অনুপস্থিত থাকা ও অসদাচরণের অভিযোগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সাময়িক বরখাস্ত অবস্থায় থাকা ওই কর্মকর্তার নাম মো. রায়হানুল ইসলাম। তিনি অর্থ বিভাগের গ্রেড-১০ পদমর্যাদায় ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এ বিষয়ে অর্থ বিভাগের প্রশাসন-৪ অধিশাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জারি করা ওই আদেশে সই করেছেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরের ৫ জানুয়ারি থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন রায়হানুল ইসলাম। টানা ৬০ দিন বা তার বেশি সময় অনুপস্থিত থাকায় ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়। এ ঘটনায় ২০২৬ সালের ১ নম্বর বিভাগীয় মামলা করা হয়। গত ১৫ মার্চ অভিযোগনামা ও অভিযোগের বিবরণী তাঁর বর্তমান ও স্থায়ী ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়, তবে তিনি নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দেননি।
পরবর্তীতে অভিযোগ তদন্তে একজন কর্মকর্তা নিয়োগ করা হয়। গত ১ জুলাই জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে রায়হানুল ইসলামের বিরুদ্ধে আনা অসদাচরণ ও পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা শেষে তাঁকে কেন চাকরিচ্যুত করা হবে না বা অন্য কোনো গুরুদণ্ড দেওয়া হবে না, তা জানতে গত ২৭ জুলাই দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার পর সাত কর্মদিবসের মধ্যে তিনি জবাব দিলেও তা কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য হয়নি।
এরপর বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে কী ধরনের গুরুদণ্ড দেওয়া যেতে পারে, সে বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত নেওয়া হয়। পিএসসি তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সুপারিশ করে। তদন্ত প্রতিবেদন ও পিএসসির সুপারিশের ভিত্তিতে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৪(৩)(খ) বিধি অনুযায়ী রায়হানুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আপনার মতামত লিখুন :