
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় মো. আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে দশটার দিকে কাশীপুর ইউনিয়নের হাশেবাগ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় আনোয়ার হোসেনের সঙ্গে সহকারী উপপরিদর্শক আব্দুস সাত্তারও ছিলেন। তারা সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় কনস্টেবল আনোয়ার হোসেন গুরুতর জখম হয়ে প্রাণ হারান। তবে তার সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক আব্দুস সাত্তার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করছেন এবং হামলাকারীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :