
রাজধানীর মিরপুরের বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ কার্যালয় ও এর স্বাস্থ্যকেন্দ্রে চালানো ভয়াবহ লুটপাট ও তাণ্ডবের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। ঘটনার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করছেন। তবে হামলার নেপথ্যে থাকা মূল ইন্ধনদাতা বা নির্দেশদাতাদের কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, কিংবা তাদের সম্পর্কে কোনো তথ্যও পাওয়া যায়নি।
স্থানীয়রা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, স্থানীয় রাজনৈতিক প্রভাব ছাড়া এমন হামলা ঘটানো সম্ভব নয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলার সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। রাতের আঁধারে কেন একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এমন তাণ্ডব চালানো হলো, সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। স্থানীয় ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের মতে, জমি দখলই এই হামলার মূল কারণ। যদিও প্রতিষ্ঠানটির দাবি, জায়গা দখল নিয়ে অতীতে কখনো জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়নি।
মতলব নামের এক স্থানীয় ব্যবসায়ী জানান, এই হাসপাতালের জায়গা শাহ-আলী পীরের নামে ছিল, কিন্তু বিভিন্ন সময়ে প্রভাবশালীদের লোভের কারণে এটি এখন দখলের লক্ষ্যবস্তু হয়েছে। বাহার নামের আরেক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো বাধা দেয়নি, যার জবাব তাদের দিতে হবে। বিভিন্ন সূত্র হামলার পেছনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রভাবশালী নেতাদের ইন্ধনের দাবি করলেও, এমপি মিষ্টি এ বিষয়ে কোনো সাড়া দেননি।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানিয়েছেন, তদন্ত চলমান থাকায় এখনই বিস্তারিত বলা সম্ভব নয়। তবে অপরাধীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। রাড্ডার নির্বাহী পরিচালক ড. নাসরিন আখতার বলেছেন, তারা আইনের ওপর আস্থা রাখছেন কিন্তু ঘটনার ২ দিন পার হলেও মূল নির্দেশদাতারা ধরা না পড়ায় তারা উদ্বিগ্ন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে একটি ট্রাক এবং পরে একটি এস্কাভেটর নিয়ে আসা হয়। ঘটনা ঘটার সময় ঢাকা মহানগর উত্তরের যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ফেসবুকে লিখেন, প্রায় ৭/৮০০ লোকজন রাত ১:৩০ মিনিটে মাথায় লাল কাপড় পরে দখল চালাচ্ছে। পুলিশের উপস্থিতিতেই এই লুটপাট চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, ঘটনায় কোনো সংসদ সদস্য বা দলীয় নেতাকর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেয়া হবে। এদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ মিছিল করে এই ঘটনার বিচার দাবি করেছে। প্রশাসনিক কারণ দেখিয়ে শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ওসিকে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হচ্ছে।
আপনার মতামত লিখুন :