
ইউরোপে উন্নত জীবনের আশায় ও ভালো আয়ের প্রলোভনে পড়ে দালালের খপ্পরে চুক্তি করে বিপজ্জনক সমুদ্রপথে গ্রিসে পৌঁছানোর পর আটককেন্দ্রে বন্দি দিন কাটাচ্ছেন হাজার হাজার বাংলাদেশি। অবৈধভাবে দেশটিতে ঢুকে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করার পর সিংহভাগ আবেদনই নাকচ হয়ে যাচ্ছে। বর্তমানে দেশটির বিভিন্ন দ্বীপের নিয়ন্ত্রিত আশ্রয় ও আটককেন্দ্রে তারা বন্দি অবস্থায় চরম মানবিক কষ্টে দিন কাটাচ্ছেন।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে সমুদ্রপথে মোট ৬ হাজার ১৫০ জন বাংলাদেশি গ্রিসে পৌঁছেছেন। তবে এথেন্সকেন্দ্রিক বাংলাদেশ-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, প্রকৃত সংখ্যাটি আরও বেশি হতে পারে। সম্প্রতি গ্রিক সরকার এথেন্সের বাংলাদেশ দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আশ্রয় প্রার্থনা করা প্রায় দুই হাজার বাংলাদেশি ইতোমধ্যে সরকারিভাবে আটক রয়েছেন। এ ছাড়া আটক বাকি বাংলাদেশিদের বিষয়ে আইনি পর্যালোচনা চলছে, যা শেষ হলে পর্যায়ক্রমে দূতাবাসকে অবহিত করা হবে। এ বিষয়ে ঢাকাও একটি সরকারি প্রতিবেদন পেয়েছে, যেখানে অনিয়মিত পথে গ্রিসে প্রবেশ করে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চলতি বছরের প্রথম ৯ মাসে সমুদ্রপথে গ্রিসে পৌঁছেছেন ৬ হাজার১৫০ জন বাংলাদেশি।দালাল চক্রের মাধ্যমে বিপজ্জনক পথে গ্রিসে পৌঁছাতে একেকজনের খরচ হয়েছে ১৪ থেকে ২৬ লাখ টাকা পর্যন্ত।আন্তর্জাতিক সুরক্ষার জন্য আবেদনকারীদের প্রথম ধাপে রাজনৈতিক আশ্রয় পাওয়ার হার ১ শতাংশেরও কম।গ্রিসের লেরোস, কোস, সামোস ও লেসবোস দ্বীপের অভিবাসী আটককেন্দ্রে থাকা নয়জন বাংলাদেশির সঙ্গে কথা বলে জানা গেছে, সব মিলিয়ে আট হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন দ্বীপে আটকে আছেন। এসব কেন্দ্রে প্রবেশ ও বের হওয়া কঠোরভাবে নিয়ন্ত্রিত। এ ছাড়া উত্তর গ্রিসের মূল ভূখণ্ডের সিনতিকিতে এবং কোস দ্বীপে পুলিশের পৃথক আটককেন্দ্র রয়েছে। আটকে থাকা অভিবাসীদের কাউকে তিন মাস, কাউকে ছয় মাস, আবার কাউকে এক বছরের কথা জানিয়ে বন্দি রাখা হয়েছে।
দালালদের ১৪ থেকে ২৬ লাখ টাকা পর্যন্ত দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া এসব মানুষের অনেকেই ভিটেমাটি বিক্রি ও বন্ধক রেখে অর্থ জোগাড় করেছিলেন। খুলনার তেরখাদা উপজেলার মল্লিকপুরের বাসিন্দা তানভীর আহমেদ হাদী ২০২৪ সালে এসএসসি পাস করেন। দেশে শিক্ষিত তরুণদের বেকারত্ব দেখে ভালো চাকরির আশায় বাড়ি থেকে ১৪ লাখ টাকা জোগাড় করে দালালের হাতে তুলে দেন। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে ছয় দিন পর মিসর হয়ে বিমানে লিবিয়ার বেনগাজিতে যান তিনি। সেখান থেকে বাতাসভরা রাবারের নৌকায় ৫৭ জনের সঙ্গে টানা ৪৬ ঘণ্টা উত্তাল সাগরে ভেসে ১৭ আগস্ট গ্রিসে পৌঁছান। পানি সেচে ও খাবার নষ্ট হয়ে কোনোমতে পৌঁছানোর দুই ঘণ্টার মধ্যে পুলিশ তাদের আটক করে লেরোস দ্বীপে পাঠায়। কাজের প্রলোভন দেখালেও পরে সাক্ষাৎকার শেষে তার আশ্রয় আবেদন বাতিল করা হয়েছে। এখন দিনে মাত্র একবার নিম্নমানের খাবার দেওয়া হয়, যা খাওয়ার উপযোগী থাকে না। বাড়ি থেকে প্রতি মাসে প্রায় ২০ হাজার টাকা না পাঠালে তাকে না খেয়ে থাকতে হয়।
একইভাবে ২৬ লাখ টাকা খরচ করে গ্রিসে পৌঁছানো ভৈরবের সম্ভুপুরের অজিব রহমান বর্তমানে কোস দ্বীপের আটককেন্দ্রে সাত মাস ধরে বন্দি। ভ্রমণ ভিসায় দুবাই ও মিসর হয়ে লিবিয়া যাওয়ার পথেই তার বাবা মারা যান এবং লিবিয়ায় থাকা অবস্থায় খবর পান মা-ও মারা গেছেন। লিবিয়া থেকে নৌকায় গ্রিসে আসার পথে সাগরে পথ হারিয়ে ফেললে পাঁচ দিন পর একটি ডেনিশ জাহাজ তাদের উদ্ধার করে গ্রিসে পৌঁছে দেয়। সেখানে তিন মাসের সাজার কথা বলে এখন এক বছরের জন্য আটক রাখা হয়েছে। দেশে স্ত্রী ও আট মাসের কন্যা থাকলেও নিঃস্ব হয়ে কীভাবে খালি হাতে ফিরবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি। একইভাবে চট্টগ্রামের মোহাম্মদ খোকন জানান, তার ছোট ভাই শহিদুল ইসলামকে লিবিয়া থেকে গ্রিসে পাঠাতে সাত লাখ টাকা ঋণ ও জমি বিক্রি করে মোট ১৯ লাখ টাকা খরচ করেছেন। দুই মাস ধরে আটককেন্দ্রে থাকা শহিদুলের খরচের জন্য পরিবারকে আরও দেড় লাখ টাকা পাঠাতে হয়েছে।
গ্রিসে বাংলাদেশিদের আশ্রয়ের সুযোগ না পাওয়ার প্রধান কারণ আইনি কাঠামোর পরিবর্তন। গ্রিস ২০২১ সালে বাংলাদেশকে ‘নিরাপদ উৎসদেশের’ তালিকায় অন্তর্ভুক্ত করে। চলতি বছরের ১২ জুন থেকে কার্যকর হওয়া ইউরোপীয় ইউনিয়নের তালিকা অনুযায়ীও বাংলাদেশ একটি নিরাপদ দেশ। তবে দেশে ফিরলে ব্যক্তিগতভাবে নির্যাতন বা গুরুতর ক্ষতির ঝুঁকি প্রমাণ করতে পারলে সুরক্ষার সুযোগ থাকে, কেবল কাজের অভাব রাজনৈতিক আশ্রয়ের ভিত্তি হিসেবে গ্রহণযোগ্য নয়। ফলে চলতি বছরের প্রথম ৯ মাসে আশ্রয় চেয়ে জমা পড়া সাত হাজারের বেশি আবেদনের বিপরীতে প্রথম ধাপে সুরক্ষার হার ১ শতাংশেরও কম। এ ছাড়া উত্তর আফ্রিকা ও লিবিয়া থেকে সমুদ্রপথে আসা মানুষের আশ্রয় আবেদন নিবন্ধন ২০২৫ সালের ১৪ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিল গ্রিক সরকার।
এথেন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা জানান, বাংলাদেশকে নিরাপদ দেশ গণ্য করায় সমুদ্রপথে আসা বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় মিলছে না। সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘অনিয়মিত পথে আসাদের ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখার সুযোগ নেই। তবে যাঁরা বৈধভাবে আসছেন, তাঁদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব।’ রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, বর্তমানে গ্রিসে প্রায় ২৪ হাজার বাংলাদেশি বৈধভাবে বাস করছেন। দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারক অনুযায়ী প্রতি বছর সর্বোচ্চ চার হাজার কর্মীর কাজের সুযোগ থাকলেও প্রশাসনিক ও ভিসা জটিলতায় গত দুই বছরে ৫০০ জনেরও কম কর্মী সেখানে যেতে পেরেছেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক এ বিষয়ে বলেন, ‘অবৈধভাবে গ্রিসসহ বিভিন্ন দেশে যাওয়াকে সরকার কোনোভাবেই উৎসাহিত করছে না। বিদেশ যাওয়ার আগে প্রত্যেকে নিজ নিজ নিরাপত্তা নিশ্চিত করা উচিত। এভাবে অনিয়মিত উপায়ে বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’ তিনি জানান, যারা এভাবে গিয়ে বিপদে পড়েছেন, তাদের অনেকেই এখন দেশে ফিরছেন। দূতাবাস সূত্র নিশ্চিত করেছে, আটক থাকা বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে ফিরতে চান, তাদের সাহায্য করবে গ্রিক সরকার এবং বাংলাদেশ দূতাবাসও এই প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দেবে।
আপনার মতামত লিখুন :