
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের ঘটনায় গ্রেফতার হওয়া মেজর (অব.) আখতারুজ্জামানকে নিজেদের দলের নেতা হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম জানিয়েছেন, আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর কোনো নেতা নন, তিনি দলের একজন সহযোগী সদস্য মাত্র। জানা গেছে, তিনি ২০২৫ সালের ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে সহযোগী সদস্য হওয়ার জন্য প্রাথমিক ফরম পূরণ করেছিলেন।
রংপুর নগরীর শাপলা চত্বরে জেলা জামায়াত কার্যালয়ে রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরামের ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এটিএম আজহারুল ইসলাম এই বক্তব্য দেন। এ সময় তিনি রংপুর অঞ্চলকে দেশের সবচেয়ে অবহেলিত এলাকা হিসেবে উল্লেখ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ১৩টি দাবি দ্রুত কার্যকর করার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, একটি দেশের আপত্তির কারণে সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে না।
সংবাদ সম্মেলনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কঠোর সমালোচনা করেন এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগের মতো বিএনপিকেও ক্ষমতা থেকে বিদায় নিতে হবে, কারণ দেশের জনগণ আর জুলুম-অত্যাচার সহ্য করবে না। তিনি আরও অভিযোগ করেন যে, বিএনপিও আওয়ামী লীগের পথ অনুসরণ করছে এবং চাঁদাবাজির কারণে মানুষ অতিষ্ঠ। তিনি বলেন, ভয় দেখিয়ে লাভ হবে না, অযোগ্য ও দুর্নীতিপরায়ণ নেতৃত্বের কারণেই দেশে অস্থিরতা চলছে এবং সরকার সংবিধানের দোহাই দিয়ে যা ইচ্ছা তাই করছে।
সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের বিভিন্ন আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য, রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান এবং জেলা ও মহানগর জামায়াতের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :