
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় ৮ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার শিকার এই শিক্ষার্থীরা উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের খতিজাতুল মহিলা হেফজখানার পাশে অবস্থিত একটি মক্তবে কোরআন শিক্ষা নিচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে ভারী বৃষ্টিপাতের সময় হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। এতে হেফজখানার দেয়াল ভেঙে পাশের মক্তবের ওপর আছড়ে পড়ে। সে সময় মক্তবের ভেতরে ৩০ জনেরও বেশি শিশু কোরআন শিক্ষা নিচ্ছিল, যার ফলে সেখানে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর উদ্ধার অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, ১৪ এপিবিএন সদস্য, স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন মানবিক সংস্থার কর্মীরা। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের বের করে আনেন। ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমিন জানান, উদ্ধার কাজ চলমান রয়েছে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, এ পর্যন্ত পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সামগ্রিক উদ্ধার অভিযানে মোট ১৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপনার মতামত লিখুন :