
আর্জেন্টিনার জার্সিতে আজ রাতে শেষবারের মতো মাঠে নামছেন বিশ্বফুটবলের মহাতারকা লিওনেল মেসি। স্থানীয় সময় রাত ৮টায় মনুমেন্টাল স্টেডিয়ামে তার প্রতিপক্ষ বেনিন। এই ম্যাচটির মাধ্যমে দীর্ঘ ২১ বছরের বেশি সময় ধরে চলা তার জাতীয় দলের বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
২০০৫ সালের ১৭ আগস্ট আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর ২০২৬ সালের ৬ অক্টোবর পর্যন্ত মেসির জাতীয় দলের ক্যারিয়ারের সময়কাল দাঁড়িয়েছে ২১ বছর ১ মাস ২০ দিন, যা মোট ৭ হাজার ৭২০ দিন। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে কোনো খেলোয়াড়ই জাতীয় দলের হয়ে এত দীর্ঘ সময় খেলেননি।
লাজুক স্বভাবের এই ফুটবলার তার অসামান্য গতি এবং গোল করার অদ্ভুত ক্ষমতা দিয়ে ধীরে ধীরে আর্জেন্টিনার প্রতিটি সমর্থকের হৃদয় জয় করে নিয়েছেন। এমনকি ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার কট্টর ভক্তদের মনও জয় করতে সক্ষম হয়েছেন তিনি।
মেসির এই বিদায়ী ম্যাচকে ঘিরে মনুমেন্টাল স্টেডিয়ামে সাজ সাজ রব পড়ে গেছে। গ্যালারিতে উপস্থিত থাকবেন ৮৮ হাজার দর্শক। টিকিটের চাহিদা এতটাই তুঙ্গে যে, কর্তৃপক্ষ মনে করছে এমন আরও চার থেকে পাঁচটি স্টেডিয়াম থাকলেও দর্শকদের জায়গা দেওয়া সম্ভব হতো।
আপনার মতামত লিখুন :