Facebook Twitter Instagram YouTube

শাহরুখের ‘কিং’ সিনেমায় বিশেষ গানে ফিরছেন কারিনা কাপুর


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৭:৩১ পূর্বাহ্ণ / ০
শাহরুখের ‘কিং’ সিনেমায় বিশেষ গানে ফিরছেন কারিনা কাপুর

দীর্ঘ ১৫ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে জনপ্রিয় ‘ছাম্মাক ছালো’ জুটি। বলিউড বাদশা শাহরুখ খান এবং ‘বেবো’ খ্যাত কারিনা কাপুর খান আবারও জুটি বাঁধছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খানের আসন্ন অ্যাকশন থ্রিলার ‘কিং’ সিনেমায় একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে তাদের। আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া সিনেমাটি এই বছরের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে।

সিনেমার একটি বিশেষ গানের দৃশ্যে দেখা যাবে কারিনাকে। জানা গেছে, এ মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে টানা পাঁচ দিন ধরে এই বিশেষ গানে অংশ নেবেন কারিনা। ‘ড্যাডি কুল’ শিরোনামের এই গানটি বিশাল আয়োজনে তৈরি করা হচ্ছে। গানটিতে শাহরুখ ও কারিনাকে এমন এক নতুন অবতারে উপস্থাপন করা হবে, যা আগে কখনো বড় পর্দায় দেখেননি দর্শক। গানটির সুর করেছেন সচিন-জিগর এবং এতে কণ্ঠ দিচ্ছেন একজন ভারতীয় ও একজন আন্তর্জাতিক শিল্পী, যাদের নাম এখনো গোপন রাখা হয়েছে।

আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে ছবিটির একটি আকর্ষণীয় ঝলক প্রকাশের পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। অতীতে ‘কাভি খুশি কাভি গম’, ‘অশোকা’, ‘ডন’ এবং ‘রা-ওয়ান’-এর মতো জনপ্রিয় ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই দুই তারকা। তাদের সর্বশেষ সিনেমা ‘রা-ওয়ান’ মুক্তি পেয়েছিল ২০১১ সালে। তবে ‘কিং’-এ এই জুটির উপস্থিতি আগের সব কাজকে ছাপিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

স্টার স্টাডে ভরপুর মেগা-বাজেট অ্যাকশন থ্রিলার ‘কিং’-এ শাহরুখ ও কারিনা ছাড়াও সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানী মুখার্জি ও জ্যাকি শ্রফসহ একঝাঁক তারকাকে দেখা যাবে। এই তারকাবহুল কাস্টিং এবং শাহরুখ-কারিনার বহু প্রতীক্ষিত পুনর্মিলন সিনেমাটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh