
টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া এবার ওটিটি প্ল্যাটফর্মে নিজের নতুন যাত্রা শুরু করছেন। নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় আইস্ক্রিনের ওয়েব কনটেন্ট ‘প্রাণভোমরা’র মাধ্যমে তিনি ওটিটিতে পা রাখছেন। এই নতুন মাধ্যমে কাজের জন্য তিনি গত চার-পাঁচ মাস ধরে কঠোর প্রস্তুতি গ্রহণ করেছেন। অভিনয়ের ক্লাস, নিয়মিত রিহার্সাল ও শরীরচর্চার পাশাপাশি তিনি নিজেকে নতুনভাবে গড়ে তোলার জন্য দীর্ঘ সময় ব্যয় করেছেন।
শ্রেয়সী জানান, অভিনয়ে তার যাত্রা শুরু হয়েছিল শখের বশে। ইন্টারমিডিয়েটে পড়ার সময় মডেলিংয়ের ছবি দেখে চ্যানেল আই থেকে তাকে নাটকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। এরপর মোশাররফ করিমের সঙ্গে ‘হীরার আংটি’ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি শোবিজে পথচলা শুরু করেন। শুরুতে অভিনয় পেশা হিসেবে নেওয়ার পরিকল্পনা না থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তার আগ্রহ বেড়েছে এবং এখন তিনি এটিকে পেশা হিসেবেই গ্রহণ করতে চান।
‘প্রাণভোমরা’ প্রকল্পের বিষয়ে শ্রেয়সী জানান, নির্মাতা ভিকি জাহেদের সঙ্গে কাজের সুযোগ পাওয়ার বিষয়টি তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। থ্রিলার ও রহস্যনির্ভর কাজের প্রতি বিশেষ আগ্রহ থাকায় প্রকল্পের বিস্তারিত জানার আগেই তিনি এতে যুক্ত হতে সম্মতি জানান। তিনি নিজেকে গ্ল্যামারাস বা নির্দিষ্ট কিছু শহুরে চরিত্রের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না। চলতি বছর থেকে তিনি অভিনয়ে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন। কাজের সংখ্যার চেয়ে মানের ওপর বেশি গুরুত্ব দিয়ে তিনি দর্শক ও নির্মাতাদের কাছে একজন বহুমুখী শিল্পী হিসেবে পরিচিতি পেতে চান।
এই ওয়েব কনটেন্টে অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে শ্রেয়সী তার স্বপ্নপূরণের মতো মনে করছেন। প্রিয় এই সহশিল্পীর কাছ থেকে তিনি কাজের বিভিন্ন বিষয়ে পরামর্শ পেয়েছেন এবং তাকে অত্যন্ত সহযোগিতাপরায়ণ বলে মন্তব্য করেছেন। নির্মাতা ভিকি জাহেদ সম্পর্কে শ্রেয়সী বলেন, তিনি অত্যন্ত সিরিয়াল এবং কাজের পেছনে অনেক সময় ও শ্রম দেন। নির্মাতা তাকে এই কাজের জন্য বেশ কিছু প্রস্তুতিমূলক কাজও দিয়েছিলেন। নিজের সীমাবদ্ধতা নিয়ে অভিনেত্রী জানান, তিনি নিজেকে নিখুঁত মনে করেন না, তবে নিয়মিত চর্চার মাধ্যমে নিজের ত্রুটিগুলো কাটিয়ে ওঠার ওপরই তিনি বেশি বিশ্বাসী।
আপনার মতামত লিখুন :