Facebook Twitter Instagram YouTube

ভারতে গিয়ে আটক চাঁপাইনবাবগঞ্জের দুই যুবক


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ /
ভারতে গিয়ে আটক চাঁপাইনবাবগঞ্জের দুই যুবক

সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে গিয়ে দেশটির পুলিশের হাতে আটক হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার দুই যুবক। মঙ্গলবার (৭ জুলাই) রাতে মুর্শিদাবাদ থেকে ভারতের রঘুনাথগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর রুস্তম মোল্লার পাড়া এলাকার বাবুল আলীর ছেলে মো. রুবেল আলী এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের নিশিপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে মো. টমাস আলী। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে পুলিশকে তাদের আটক করে নিয়ে যেতে দেখা যায়।

জানা গেছে, গত ৭ জুলাই ভোর ৪টার দিকে জহুরপুর টেক বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে তিন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তারা সীমান্তের জিরো লাইন থেকে প্রায় ১৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে চলে যান। ভারতের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানা পুলিশ ধাওয়া করে ওই দুজনকে আটক করতে সক্ষম হয়। তবে তাদের সাথে থাকা অপরজন মো. আউয়াল আহত অবস্থায় বাংলাদেশে ফিরে আসেন।

আটককৃতরা জিজ্ঞাসাবাদে গরু আনতে যাওয়ার কথা স্বীকার করেছেন। তবে বিজিবির পক্ষ থেকে ভিন্ন তথ্য পাওয়া গেছে। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, তারা রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ভারতে ধরা পড়েছেন বলে শোনা যাচ্ছে। তিনি আরও বলেন, বিএসএফের কাছে আটক হলে আমাদের করণীয় কিছু থাকত, কিন্তু যেহেতু তারা ভারতের পুলিশের হাতে আটক হয়েছে, তাই এক্ষেত্রে বিজিবির কিছুই করার নেই।