
ব্যস্ত কূটনৈতিক সূচি নিয়ে শুক্রবার (১০ জুলাই) সকালে ঢাকা ছাড়ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিন দেশব্যাপী এই সফরের প্রথম গন্তব্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। এরপর তিনি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) যোগ দেবেন এবং সবশেষে মালদ্বীপ সফর করবেন।
নিউইয়র্কে অবস্থানকালে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের প্রস্তুতি শুরু করবেন। আগামী ৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই অধিবেশন পরিচালনা এবং সেপ্টেম্বরের কর্মপরিকল্পনা নিয়ে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার একাধিক বৈঠকের কথা রয়েছে। উল্লেখ্য, ১৯৮৬-৮৭ সালে ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী হুমায়ুন রশীদ চৌধুরীর পর খলিলুর রহমান বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই দায়িত্ব পাচ্ছেন।
এদিকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন আইরিন খান। মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত আইরিন খানকে সরকার প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে এবং আগামী মাস থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। তার দায়িত্বগ্রহণের ঠিক আগ মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রীর এই নিউইয়র্ক সফরকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
নিউইয়র্কের কার্যক্রম শেষে ড. খলিলুর রহমান ২৩ জুলাই ম্যানিলায় ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। কূটনৈতিক সূত্র অনুযায়ী, এই ফোরামে আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক অঞ্চল এবং সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আসিয়ানভুক্ত দেশ ও সংলাপ অংশীদারদের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বেশ কিছু দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে।
সফরের শেষ গন্তব্য মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী ২৬ জুলাই দেশটির জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, জনশক্তি রপ্তানি, বাণিজ্য, পর্যটন এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক ব্যস্ততা শেষে জুলাইয়ের শেষ নাগাদ তার দেশে ফেরার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :