Facebook Twitter Instagram YouTube

রাজবাড়ীর গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসায় সেবা পেলেন শত শত মানুষ


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ / ০
রাজবাড়ীর গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসায় সেবা পেলেন শত শত মানুষ

রাজবাড়ীর গোয়ালন্দে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য দিনব্যাপী একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ প্রাঙ্গণে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়।

গোয়ালন্দ হ্যাচারিজ লিমিটেড ও গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের যৌথ আয়োজনে এবং ফরিদপুর আনোয়ারা হামিদ চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চক্ষু বিশেষজ্ঞ ডা. মহসিন বেগের তত্ত্বাবধানে ক্যাম্পটি পরিচালিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মো. মোশারফ আহমেদ মুসা, সাবেক সদস্যসচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ হ্যাচারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু সায়েম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. সাইফুল হুদা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। তিনি আরও বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কাজকে সবসময় উৎসাহিত করা উচিত, যাতে অন্যরা মানুষের সেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত হন।

আয়োজকরা জানান, ক্যাম্পে আগত রোগীদের চোখের প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। যেসব রোগীর বিশেষায়িত চিকিৎসা বা অস্ত্রোপচারের প্রয়োজন হবে, তাদের ফরিদপুর আনোয়ারা হামিদ চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও প্রদান করা হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় ১,৫০০ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে। সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিয়মিত বিরতিতে তারা এমন ক্যাম্পের আয়োজন করে থাকেন বলে জানান সংশ্লিষ্টরা। বিনামূল্যে পরীক্ষা ও অস্ত্রোপচারের সুযোগ থাকায় স্থানীয়দের মাঝে এই উদ্যোগ ব্যাপক প্রশংসা পেয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ১ হাজার ৫০০ রোগীকে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh