Facebook Twitter Instagram YouTube

ঢাকায় কোচিংয়ে আসা শিক্ষার্থীকে হত্যার পর নীলফামারীতে লাশ গুম


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ / ০
ঢাকায় কোচিংয়ে আসা শিক্ষার্থীকে হত্যার পর নীলফামারীতে লাশ গুম

এইচএসসি পরীক্ষা শেষ করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য টাঙ্গাইল থেকে ঢাকায় এসেছিলেন ১৭ বছর বয়সী রাকিবুল ইসলাম। শেওড়াপাড়ার একটি মেসে থাকা এই কিশোরকে পূর্বপরিচিত আবদুল্লাহ আল মামুন (২৫) ফোন করে ডেকে নেওয়ার পর আর বাসায় ফেরেনি। দীর্ঘ তদন্তের পর পুলিশ জানতে পারে, রাজধানীর শুক্রাবাদের একটি বাসায় তাকে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ গুম করতে কার্টনে ভরে নিয়ে যাওয়া হয় নীলফামারীতে। সেখানে একটি সুপারিবাগানের ভেতরে লাশটি মাটিচাপা দেওয়া হয়।

ডিএমপির ক্রাইম প্রিভেনশন উত্তর বিভাগের যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম আজ বুধবার মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে জানান, রাকিবুল ফার্মগেটের একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন। গত ১৬ সেপ্টেম্বর বিকেলে হোয়াটসঅ্যাপে কল পেয়ে তিনি শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের সামনে যান। সেখান থেকে তাকে শুক্রাবাদের একটি বাসায় নেওয়া হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের দুদিন পর রাকিবুলের বড় ভাই জহুরুল ইসলাম কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই জিডির সূত্র ধরে কাফরুল থানা পুলিশ হত্যার রহস্য উদঘাটন করে।

তদন্তে জানা যায়, মো. আবদুল্লাহ আল মামুন ওরফে মামুন সরকার (২৪) নামের এক ব্যক্তি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে রাকিবুলের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। রাকিবুলকে জীবিত পাওয়ার আশায় তার পরিবার চারটি বিকাশ ও তিনটি নগদ নম্বরে মোট চার লাখ টাকা পাঠায়। ৫ অক্টোবর সন্ধ্যায় শুক্রাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে মামুনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে মামুন হত্যার কথা স্বীকার করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, অনলাইনে কয়েক মাস আগে রাকিবুলের সঙ্গে মামুনের পরিচয় হয়। ১৬ সেপ্টেম্বর রাকিবুল বাসায় গেলে তাকে মুক্তিপণের জন্য চাপ দেওয়া হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে ঘাড় মটকে তাকে হত্যা করা হয়। এরপর মরদেহ একটি কার্টনে ভরে স্কচটেপ দিয়ে মুড়ে ফেলেন মামুন। বাড়ির দারোয়ানের সহায়তায় কার্টনটি অটোরিকশায় করে গাবতলী বাসস্ট্যান্ডে নেওয়া হয়। এরপর বাসে করে তিনি নীলফামারীর ডিমলায় নিজ এলাকায় যান এবং ১৭ সেপ্টেম্বর রাতে বাড়ির পাশের সুপারিবাগানে গর্ত করে মরদেহটি মাটিচাপা দেন।

পুলিশ ৬ অক্টোবর দুপুরে মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিমলার সুপারিবাগান থেকে রাকিবুলের মরদেহ উদ্ধার করে। পরে বড় ভাই জহুরুল ইসলাম মরদেহ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মামুনকে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। মুক্তিপণের চার লাখ টাকার মধ্যে ৫০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আর কেউ জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo