
বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে ‘রিকনসিলিয়েশন’ বা পুনর্মিলনের বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। রাজনৈতিক সংঘাত ও বিরোধের অবসান ঘটিয়ে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় এই পুনর্মিলন কতটা কার্যকর বা আমাদের দেশের বাস্তবতায় তা কতটা সম্ভব—তা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও বিশ্লেষকদের মধ্যে ব্যাপক মতভেদ তৈরি হয়েছে। বিশেষ করে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত জুলাই হত্যাকাণ্ডের কোনো ক্ষমা না চাওয়া এবং দলটির নানা হুমকির ঘটনাকে এই প্রক্রিয়ার অন্যতম বড় বাধা হিসেবে দেখা হচ্ছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার মনে করেন, একটি বিভক্ত জাতি দীর্ঘ পথ পাড়ি দিতে পারে না। তাই রিকনসিলিয়েশনের কোনো বিকল্প নেই। তবে এটি তখনই সম্ভব যখন অপরাধীরা খোলামনে ভুল স্বীকার করে অনুশোচনা প্রকাশ করবে। কিন্তু বর্তমানে সেই লক্ষণ না দেখে বরং প্রতিশোধের আস্ফালন দেখছেন তিনি।
can_be_reconciled_with_justice_and_truth_or_not
অন্যদিকে, লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ যুগান্তরকে বলেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় রিকনসিলিয়েশন কঠিন। কিন্তু এটিই প্রয়োজন। অনেক ক্ষেত্রে রোগীর ক্ষেত্রে যেমন অপারেশন কঠিন হলেও প্রয়োজন হয়, তেমনই এটিও কঠিন হলেও প্রয়োজন। কারণ, রিকনসিলিয়েশন না হলে আমরা প্রতিশোধের চক্রেই পড়ে থাকব। তিনি আরও বলেন, প্রতিশোধের চক্রে থাকলে অর্থনৈতিক সমৃদ্ধি ব্যাহত হবে। এ ক্ষেত্রে বিজয়ী পক্ষ হিসেবে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি বা সংসদের মাধ্যমে একটি উদ্যোগ নেওয়া যেতে পারে বলে তিনি মনে করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ্ চৌধুরী পতিত স্বৈরাচারী শক্তির সঙ্গে জুলাইয়ের পক্ষের শক্তির সমঝোতার কোনো সম্ভাবনা দেখছেন না। তবে তিনি মনে করেন, আওয়ামী লীগ যদি প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চায়, তবে গুরুতর অপরাধে জড়িত না থাকা সাধারণ নেতাকর্মীদের রাজনীতি করার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
বিশ্বজুড়ে এ ধরনের রাজনৈতিক পুনর্মিলনের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন’ এবং ১৯৯৪ সালের গণহত্যার পর রুয়ান্ডার ‘গাকাকা আদালত’ ও বিচারিক ব্যবস্থার উদাহরণ টানা হচ্ছে। এছাড়া সিয়েরা লিওন, নেপাল, শ্রীলংকাসহ বিশ্বের প্রায় ৪০টি দেশে এ ধরনের কমিশন গঠিত হয়েছে। তবে সব জায়গাতেই সত্য প্রকাশ, অপরাধের বিচার ও দায় স্বীকার ছিল অন্যতম প্রধান শর্ত।
রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির ৩১ দফার রাষ্ট্র সংস্কার প্রস্তাবে ‘ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন’ এবং জামায়াতে ইসলামীর ইশতেহারে ‘ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন’ গঠনের প্রতিশ্রুতি ছিল। তবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্পষ্ট করেছেন, অপরাধী আওয়ামী লীগ ক্ষমা না চাওয়া পর্যন্ত এ নিয়ে আলোচনার সুযোগ নেই। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও মনে করেন, অপরাধীদের ক্ষমা প্রার্থনা ও আইনের মুখোমুখি হওয়া ছাড়া রিকনসিলিয়েশনের কোনো বাস্তবতা নেই। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন অপরাধের বিচারের পাশাপাশি নির্দোষ তৃণমূল কর্মীদের পুনর্বাসনের জন্য জুলাই গণ-অভ্যুত্থানকে স্বীকার করার শর্ত দিয়েছেন।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এ ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, আগে ফ্যাসিস্টদের বিচার হবে, তারপর রিকনসিলিয়েশন। সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের ক্রমাগত হুমকির মুখে সরকারের পক্ষে রিকনসিলিয়েশনের আলাপ করা কঠিন। তবে মৌলিক শর্ত পূরণ হলে এই আলোচনা শুরু হতে পারে। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টের পরও রিকনসিলিয়েশন নিয়ে রাজনীতিতে আলোচনা ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তখন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের কথা জানিয়ে বলেছিলেন, ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশনের খুব দরকার আছে। এটা সম্ভবত আমাদের দেশে ১৯৭২ সাল থেকে থাকলেই ভালো হতো।
আপনার মতামত লিখুন :