Facebook Twitter Instagram YouTube

যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারি দেওয়ার সময় গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ /
যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারি দেওয়ার সময় গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তদের গুলিতে মো. মাহফুজুল হক (৪৩) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। স্থানীয় সময় গত মঙ্গলবার (৮ জুলাই) রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ফিলাডেলফিয়া পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওইদিন রাত সাড়ে ৯টার দিকে কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটে খাবার ডেলিভারি দিতে গিয়েছিলেন মাহফুজুল হক। সে সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে তার নিজের গাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। উদ্ধারকালে গাড়িটির ইঞ্জিন চালু ছিল।

পুলিশ জানিয়েছে, মাহফুজুল হকের মাথার পেছনে গুলির চিহ্ন পাওয়া গেছে। তাকে দ্রুত পেন প্রেসবিটেরিয়ান মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোবাইল ফোন, ডোরড্যাশের ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের গুলির দুটি খোসা উদ্ধার করেছে। এ হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে বর্তমানে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এই ঘটনায় পেনসিলভানিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।