
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় অবস্থিত কালার অ্যান্ড কোং লিমিটেড নামের একটি পোশাক কারখানায় দুই দিনে ১৪৭ জন শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নাহিদ ভূঞাকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সরেজমিনে তদন্ত করে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার সকাল থেকে কারখানার শ্রমিকেরা হঠাৎ অসুস্থ হতে শুরু করেন। সেদিন ৭৭ জন শ্রমিক অসুস্থ হয়ে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এদের মধ্যে গুরুতর কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে তাঁরা সবাই বাড়ি ফিরে যান। পরদিন বুধবার সকালে কাজে যোগ দেওয়ার পর আরও ৭৭ জন শ্রমিক একইভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁদেরও চিকিৎসা দেওয়া হয়। দুই দিনে মোট ১৪৭ জন শ্রমিক অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন।
কারখানার কর্মকর্তা সঞ্জিব কুমার জানান, শ্রমিকরা কেন অসুস্থ হচ্ছেন তা তারা নিশ্চিত নন। তবে অসুস্থদের দ্রুত হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে মনে হচ্ছে এটা মাসহিস্টিরিয়া হতে পারে। একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন, আবার সাধারণ চিকিৎসায় তাঁরা সুস্থ হয়ে যাচ্ছেন। এ ক্ষেত্রে শ্রমিকদের কাউন্সেলিং করা যেতে পারে। এ ছাড়া কারখানার ভেতর তাঁদের নিজ নিজ কর্মক্ষেত্রের স্থান পরিবর্তন করেও দেখা যেতে পারে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি কাজ করছে।’
আপনার মতামত লিখুন :