
দেশের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ৮ জুলাই জারি করা এক পত্রে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে যে, গ্রামীণ স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার এই পরিকল্পনায় প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি পাওয়া গেছে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর শয্যা সংখ্যা বৃদ্ধিতে উন্নয়ন প্রকল্প বা ডিপিপি প্রণয়ন এবং নতুন পদ সৃজনের প্রস্তাব দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা ৩১ থেকে ৫০ শয্যার মধ্যে সীমাবদ্ধ রয়েছে।
সরকারি এই উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ পর্যায়ে চিকিৎসাসেবার সক্ষমতা, রোগীদের ভর্তি সুবিধা এবং সামগ্রিক স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :