
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষা চলাকালীন অনৈতিক সুযোগ না পেয়ে হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষে চরফ্যাশন সরকারি কলেজের একদল পরীক্ষার্থী এই তাণ্ডব চালায়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু জানান, অধিকাংশ পরীক্ষার্থীর প্রস্তুতি প্রশ্নপত্রের সাথে না মেলায় এবং কক্ষ পরিদর্শকদের কাছ থেকে কোনো ধরনের অনৈতিক সহযোগিতা না পাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। হামলাকারীরা কলেজের দুটি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভবনের জানালা ও কপাট ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই ঘটনায় কলেজ কমিটির সভাপতি হুমায়ুন কবির শিকদারসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে চরফ্যাশন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ জানান, তিনি ঘটনার খবর পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে নির্দেশ দিয়েছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি। অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু জানিয়েছেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা হলে পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :