Facebook Twitter Instagram YouTube

সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে সরকার: ড. হেলাল


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ /
সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে সরকার: ড. হেলাল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার সেবামূলক প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়ে অসাধু ব্যবসায়ীদের সুযোগ করে দিচ্ছে। তিনি বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়া, কিন্তু সরকার সেই আদর্শ থেকে সরে এসে নতুন রূপে পুরোনো ধারার বৈষম্য তৈরি করছে।

শনিবার রাজধানীতে শাহবাগ মানবকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এক বিনামূল্যে সুন্নতে খৎনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. হেলাল উদ্দিন দীর্ঘ সময় ধরে রাজধানীতে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করায় শাহবাগ মানবকল্যাণ সংস্থার সভাপতি আহসান হাবীবসহ সংশ্লিষ্টদের প্রশংসা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, মহান আল্লাহ মানুষকে মানুষের সেবা করার জন্যই সৃষ্টি করেছেন। মানবকল্যাণে আত্মনিয়োগ করলে সমাজে অপরাধপ্রবণতা কমে এবং শান্তি প্রতিষ্ঠিত হয়। একটি আলোকিত সমাজ বিনির্মাণে ইসলামী সমাজব্যবস্থা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

আদ্-দ্বীন হাসপাতালের প্রসঙ্গ টেনে ড. হেলাল উদ্দিন বলেন, গরিবের হাসপাতাল হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়ে সরকার মূলত অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে। তিনি তথ্য দিয়ে বলেন, আদ্-দ্বীন হাসপাতালে যেখানে মাত্র ৪০০ টাকায় কিডনি ডায়ালাইসিস করা সম্ভব হতো, সেখানে অন্য বেসরকারি হাসপাতালে একই সেবার জন্য ৪ হাজার থেকে ৮ হাজার টাকা এবং সরকারি হাসপাতালে দেড় হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত খরচ হয়।

হাসপাতাল বন্ধের বিষয়ে তিনি আরও বলেন, মাথাব্যথা হলে যেমন মাথা কেটে ফেলা সমাধান নয়, তেমনি কোনো চিকিৎসাগত ত্রুটি বা অবহেলা থাকলে পুরো হাসপাতাল বন্ধ না করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াই যৌক্তিক।

শাহবাগ মানবকল্যাণ সংস্থার সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুন্নবীর রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান। এছাড়া মাওলানা লুৎফুর রহমান, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ এবং শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মুমিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ১৫ জন শিশুর বিনামূল্যে সুন্নতে খৎনা সম্পন্ন করেছেন।