
বিশ্ববিদ্যালয় জীবন কেবল ডিগ্রি অর্জনের মাধ্যম নয়, বরং এটি জ্ঞান, গবেষণা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রস্তুতির সময়। শনিবার বিকেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ক্যাম্পাসে আয়োজিত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা বলেন। তিনি নবীন শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
সামার-২০২৬ টার্মে ভর্তি হওয়া ৫৪৬ জন নবীন শিক্ষার্থীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে মন্ত্রী একইসঙ্গে প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং পরে অতিথিরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিয়মনীতি ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সামার-২০২৬ টার্মে স্নাতক পর্যায়ে ৫১৩ জন, স্নাতকোত্তরে ৩০ জন এবং পিএইচডিতে ৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান জানান, গাকৃবি উচ্চশিক্ষা ও কৃষি গবেষণায় আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রাখছে। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিং-২০২৬-এ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন ছাড়াও, এ পর্যন্ত ৯৭টি উচ্চফলনশীল জাত ও ২০টির বেশি কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের কৃষি উন্নয়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
আপনার মতামত লিখুন :