Facebook Twitter Instagram YouTube

১৬ই জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ /
১৬ই জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৬ই জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটরিং করছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

ড. মাহদী আমিন আরও বলেন, দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে নিয়মিত বৈঠক করে জনগণের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া দলীয় নেতাকর্মীদেরও ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পরীক্ষা স্থগিতের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, ১৬ই জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিতের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হবে।