
স্পেনের হয়ে আবারও শেষ মুহূর্তের ত্রাতা হয়ে উঠলেন মিকেল মেরিনো। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে মাত্র দুই মিনিটের মধ্যেই গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছেন এই আর্সেনাল মিডফিল্ডার। এর আগে পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও যোগ করা সময়ে গোল করে দলকে জিতিয়েছিলেন তিনি।
ম্যাচের ৮৬ মিনিটে কোচ লুইস দে লা ফুয়েন্তে তাকে মাঠে নামান। ৮৮ মিনিটে পাও কুবারসির শট বেলজিয়ামের বদলি গোলরক্ষক সেনে ল্যামেন্সের হাত ফসকে বেরিয়ে এলে ফিরতি বলে গোল করেন মেরিনো। এই জয় নিয়ে মেরিনো বলেন, এটি একেবারেই অবিশ্বাস্য এবং পাগলাটে অনুভূতি। গ্যালারিতে উপস্থিত পরিবারের সামনে এমন মুহূর্ত উপহার দিতে পারা তার জন্য বিশেষ কিছু।
বদলি হিসেবে নামলেও সব সময় নিজেকে প্রস্তুত রাখেন জানিয়ে মেরিনো বলেন, বেঞ্চে থাকলেও তিনি নিজেকে ম্যাচের অংশ মনে করেন এবং সুযোগ পেলেই দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন। নকআউট পর্বে টানা দুই ম্যাচে বদলি নেমে জয়সূচক গোল করার বিরল কীর্তি গড়লেও তিনি ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের সাফল্যকেই বড় করে দেখছেন।
সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। ইউরো ২০২৪ ও নেশন্স লিগে ফরাসিদের হারানোর আত্মবিশ্বাস নিয়ে মেরিনো বলেন, ফ্রান্স অসাধারণ দল, তবে তারা এখন ইতিহাসের খুব কাছে দাঁড়িয়ে আছেন। সামনে আরও বড় দুটি ম্যাচ বাকি থাকায় আপাতত আনন্দ করার সুযোগ কম বলে তিনি উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন :