Facebook Twitter Instagram YouTube

দুই বছর পর জীবিত উদ্ধার নিখোঁজ যুবক, নির্দোষ ব্যক্তি কারাবন্দি


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ /
দুই বছর পর জীবিত উদ্ধার নিখোঁজ যুবক, নির্দোষ ব্যক্তি কারাবন্দি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে চাঞ্চল্যকর এক ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। দুই বছর আগে নিখোঁজ হওয়া এবং গুম করে হত্যার অভিযোগে যে মামলার কেন্দ্রবিন্দুতে ছিল মোস্তফা কামাল (২৮), সেই যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজন নির্দোষ ব্যক্তির চার মাস কারাভোগের বিষয়টি সামনে এসেছে।

জানা যায়, শেরপুর জেলার বাসিন্দা মোস্তফা কামাল দীর্ঘ দিন ধরে কুলিয়ারচরে তার নানাবাড়িতে বসবাস করতেন। প্রায় দুই বছর আগে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরবর্তীতে তার মা মনোয়ারা বেগম আদালতে মামলা দায়ের করেন। মামলায় বাজিতপুরের ঠিকাদার জামান মিয়াকে প্রধান আসামি করা হয় এবং তাদের মধ্যে আর্থিক লেনদেনজনিত বিরোধ ছিল বলে অভিযোগ তোলা হয়। এই মামলার প্রেক্ষিতে জামান মিয়াকে গ্রেপ্তার করা হয় এবং তিনি প্রায় চার মাস কারাগারে ছিলেন।

দীর্ঘ তদন্তের একপর্যায়ে পুলিশের সন্দেহ তৈরি হলে তারা নতুন করে অনুসন্ধান শুরু করে। গত ৯ জুলাই দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের গাছা থানার ডেগেরচালা এলাকায় অভিযান চালিয়ে মোস্তফা কামালকে জীবিত উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় মোস্তফা সেখানে রাজমিস্ত্রির কাজ করছিলেন এবং তিনি নতুন সংসারও পেতেছেন। তদন্তে বেরিয়ে আসে যে, মোস্তফার আত্মগোপনের বিষয়টি পরিবারের কয়েকজন সদস্য জানতেন, কিন্তু তারা আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো তথ্য দেননি।

ভুক্তভোগী জামান মিয়া বলেন, ‘আমি বিনা দোষে চার মাস জেল খেটেছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ এদিকে মোস্তফা কামাল ও তার পরিবারের সদস্যরা এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, বিষয়টি এখনও তদন্তাধীন এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।