Facebook Twitter Instagram YouTube

নোয়াখালীতে মা ও শিশুস্বাস্থ্য সেবার অগ্রগতিতে সন্তোষ ডিজি জিন্নাত রেহানার


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ / ০
নোয়াখালীতে মা ও শিশুস্বাস্থ্য সেবার অগ্রগতিতে সন্তোষ ডিজি জিন্নাত রেহানার

নোয়াখালী জেলায় পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য এবং পুষ্টিসেবা কার্যক্রমের নানা সূচকে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. জিন্নাত রেহানা। একই সঙ্গে সরকারি এসব সেবার মান অক্ষুণ্ন রাখা ও কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মীদের প্রতি তাগিদ দিয়েছেন তিনি।

গত রবিবার (১৮ অক্টোবর) নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ড. জিন্নাত রেহানা এই নির্দেশনা দেন। কর্মশালায় মাল্টিমিডিয়া উপস্থাপনার সাহায্যে ২০২৫-২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অনুযায়ী পরিবার পরিকল্পনা, পুষ্টিসেবা এবং মা ও শিশুস্বাস্থ্যের অগ্রগতির চিত্র তুলে ধরা হয়। এতে জেলার নয়টি উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব আসিব আহসান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) মো. মতিউর রহমান এবং চট্টগ্রাম বিভাগের পরিচালক আবু সালেহ মো. ফোরকান উদ্দিন। উপস্থাপিত তথ্য পর্যালোচনার পর মহাপরিচালক মাঠপর্যায়ের কাজের ভূয়সী প্রশংসা করেন এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণ কর্মসূচি শেষে নোয়াখালী মা ও শিশু কল্যাণ কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন মহাপরিচালক। উল্লেখ্য, এই চিকিৎসাকেন্দ্রে প্রতি মাসে গড়ে চার শতাধিক প্রসূতিকে সম্পূর্ণ বিনা মূল্যে স্বাভাবিক প্রসব সেবা দেওয়া হয়। কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. মুহাম্মদ জিহাদুল হক এবং কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ২০২৬ সালের বিশ্ব জনসংখ্যা দিবসে দেশের সেরা কেন্দ্র হিসেবে স্বীকৃতি লাভ করে। সেই অর্জনের অংশ হিসেবে কেন্দ্রের প্রতিনিধিরা রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা স্মারক ও পুরস্কার গ্রহণ করেন।

পরিদর্শনের সময় ড. জিন্নাত রেহানা কেন্দ্রের সেবা কক্ষগুলো ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে তাদের সুযোগ-সুবিধা ও সেবার অভিজ্ঞতা সম্পর্কে তথ্য নেন। সেখানকার সার্বিক সেবার মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে মহাপরিচালক কেন্দ্রের দানবাক্সে নগদ অর্থ প্রদান করেন, যা পরবর্তীতে প্রাঙ্গণের পরিচ্ছন্নতা জোরদার ও সৌন্দর্যবর্ধনে ব্যবহার করা হয়। পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে কেন্দ্র প্রাঙ্গণে একটি আমলকীর চারা রোপণ করেন তিনি। পরিশেষে কেন্দ্রের সেবার মান ও সুনাম বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh