Facebook Twitter Instagram YouTube

ইউরোপে তীব্র গরমে বাড়ছে মাংসখেকো ব্যাকটেরিয়ার সংক্রমণ, জারি সতর্কতা


প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ /
ইউরোপে তীব্র গরমে বাড়ছে মাংসখেকো ব্যাকটেরিয়ার সংক্রমণ, জারি সতর্কতা

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের প্রভাবে সমুদ্র উপকূলগুলোতে ‘ভিব্রিও’ নামে পরিচিত প্রাণঘাতী ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়ার প্রকোপ বাড়ছে। সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এই ব্যাকটেরিয়া দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।

ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) স্যাটেলাইট তথ্য ও পানির তাপমাত্রার বিশ্লেষণের ভিত্তিতে একটি ঝুঁকিপূর্ণ মানচিত্র প্রকাশ করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, বাল্টিক সাগরসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের উপকূলে সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্য হারে বেড়েছে। বুলগেরিয়া, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া ও সুইডেন বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এছাড়া ডেনমার্ক ও নেদারল্যান্ডসের উপকূলীয় এলাকাতেও সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। স্পেনের কয়েকটি সৈকতে ভিব্রিওর উপস্থিতি শনাক্ত হওয়ার পর সেগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, ভিব্রিও ব্যাকটেরিয়া মূলত উষ্ণ ও লবণাক্ত বা আধা-লবণাক্ত পানিতে জন্মায়। শরীরে কোনো কাটাছেঁড়া বা ক্ষত থাকলে তার মাধ্যমে এই ব্যাকটেরিয়া সংক্রমিত হতে পারে। এছাড়া দূষিত সামুদ্রিক খাবার গ্রহণের ফলে বমি, ডায়রিয়া, জ্বর ও পেটে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। গুরুতর অবস্থায় ক্ষতস্থান থেকে সংক্রমণ রক্তে ছড়িয়ে সেপসিস তৈরি করতে পারে, যা প্রাণঘাতী হতে পারে।

চিকিৎসকরা জানিয়েছেন, ডায়াবেটিস, লিভারের রোগ বা দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য এই ব্যাকটেরিয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শরীরে নতুন কোনো ক্ষত, অস্ত্রোপচারের দাগ বা ট্যাটু থাকলে সমুদ্রে না নামার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে কাঁচা বা অর্ধসিদ্ধ শেলফিশ, বিশেষ করে অয়েস্টার জাতীয় খাবার গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।