Facebook Twitter Instagram YouTube

নাব্যতা-সংকট ও দূষণে মৃতপ্রায় হবিগঞ্জের সুতাং নদী


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ৬:২২ পূর্বাহ্ণ / ০
নাব্যতা-সংকট ও দূষণে মৃতপ্রায় হবিগঞ্জের সুতাং নদী

হবিগঞ্জের সুতাং নদী এখন নাব্যতা-সংকট ও শিল্পবর্জ্যের ভয়াবহ দূষণে এক মরা খালে পরিণত হয়েছে। এক সময়ের খরস্রোতা এই নদীটি এখন তার অস্তিত্ব হারানোর উপক্রম হয়েছে। নদীটির পানি শিল্পকারখানার বিষাক্ত বর্জ্যে কালো কুচকুচে হয়ে পড়েছে, যার ফলে মাছসহ জীববৈচিত্র্য পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে।

ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি অঞ্চল থেকে উৎপত্তি হওয়া ৮২ কিলোমিটার দীর্ঘ এবং ৩৬ মিটার গড় প্রস্থের এই আন্তঃসীমান্ত নদীটি চুনারুঘাট হয়ে শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অলিপুর এলাকায় গড়ে ওঠা অধিকাংশ শিল্পকারখানায় বর্জ্য শোধনাগার বা ইটিপি নেই। আবার যেসব কারখানায় ইটিপি রয়েছে, তারাও অতিরিক্ত খরচের ভয়ে তা নিয়মিত সচল রাখে না। ফলে কারখানার বিষাক্ত বর্জ্য সরাসরি পাইপলাইনের মাধ্যমে শৈলজুড়া খাল হয়ে সুতাং নদীতে মিশছে।

স্থানীয়রা প্রাণ (আরএফএল) ও স্কয়ার কোম্পানির একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি নদীর পানি দূষণের অভিযোগ তুলেছেন। এই দূষণের ফলে শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলার সুরাবই, আলগাপুর, শৈলজুড়া, সাধুরবাজারসহ বেশ কয়েকটি গ্রামের কৃষি ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কৃষকরা জানিয়েছেন, আগে নদীর পানি দিয়ে প্রায় ২৭ হাজার হেক্টর জমিতে বোরো চাষ হতো। এখন দূষিত পানির কারণে বাধ্য হয়ে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করতে হচ্ছে, যা উৎপাদন খরচ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অনেক কৃষক চাষাবাদ বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নদীটির পানি ও মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিশ্চিত করেছেন। জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ইফতেখার আহমেদ ফাগুন জানান, নদীর নিম্নপ্রবাহে মাছ ও জলজ প্রাণীর টিকে থাকা এখন প্রায় অসম্ভব। বিশেষ করে শৈলজোড়া খালের সংযোগস্থলে কোনো প্রাণের অস্তিত্ব পাওয়া যায়নি।

এলাকাবাসী চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়লেও পরিবেশ অধিদপ্তর দায়সারা ভূমিকা পালন করছে বলে অভিযোগ রয়েছে। খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইউসূফ আলী জানিয়েছেন বিষয়টি মনিটরিং করা হচ্ছে। জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ জানান, বিষয়টি জেলা প্রশাসনের নজরে রয়েছে এবং জাতীয় সংসদের হুইপ জিকে গউছের নির্দেশে একটি বিশেষজ্ঞ টিম তদন্ত করেছে, যার রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh